দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার ঐতিহাসিক সীতাকোট বিহার পরিদর্শন করেছেন মহিলা ও শিশুবিষয়ক এবং সমাজকল্যাণমন্ত্রী ডা. এ.জেড.এম. জাহিদ হোসেন, সংস্কৃতিবিষয়ক প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়মসহ সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
শনিবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে তারা সীতাকোট বিহারে পৌঁছে প্রত্নতাত্ত্বিক স্থাপনাটির বিভিন্ন অংশ ঘুরে দেখেন। এ সময় প্রত্নতত্ত্ব অধিদপ্তরের মহাপরিচালক সাবিনা আলম, দিনাজপুরের জেলা প্রশাসক মো. রফিকুল ইসলাম, পুলিশ সুপার জেদান আল মুসা এবং নবাবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা বিধান কান্তি হালদারসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
পরিদর্শনকালে মন্ত্রী, প্রতিমন্ত্রী ও কর্মকর্তারা সীতাকোট বিহারের বিভিন্ন স্থাপনা ও প্রত্নতাত্ত্বিক নিদর্শন ঘুরে দেখেন। একই সঙ্গে বিহারটির ঐতিহাসিক গুরুত্ব, বর্তমান অবস্থা এবং চলমান সংরক্ষণ কার্যক্রম সম্পর্কে প্রত্নতত্ত্ব অধিদপ্তরের কর্মকর্তাদের কাছ থেকে বিস্তারিত তথ্য নেন।
এ সময় সীতাকোট বিহারের প্রত্নতাত্ত্বিক বৈশিষ্ট্য অক্ষুণ্ন রেখে সংরক্ষণ ও সংস্কার কার্যক্রম আরও জোরদার করার ওপর গুরুত্বারোপ করা হয়। পাশাপাশি দর্শনার্থীদের জন্য প্রয়োজনীয় অবকাঠামো ও সুযোগ-সুবিধা বাড়ানোর বিষয়েও আলোচনা করেন সংশ্লিষ্টরা।
কর্মকর্তারা জানান, সীতাকোট বিহার দিনাজপুর অঞ্চলের অন্যতম গুরুত্বপূর্ণ প্রত্নতাত্ত্বিক নিদর্শন। প্রাচীন এই স্থাপনাটি দেশের ইতিহাস, ঐতিহ্য ও প্রত্নতাত্ত্বিক গবেষণার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ। যথাযথ সংরক্ষণ ও আধুনিক পর্যটন সুবিধা নিশ্চিত করা গেলে সীতাকোট বিহার দেশি-বিদেশি পর্যটকদের কাছে আরও আকর্ষণীয় হয়ে উঠতে পারে।
পরিদর্শন শেষে মন্ত্রী, প্রতিমন্ত্রী ও সংশ্লিষ্ট কর্মকর্তারা সীতাকোট বিহারের ঐতিহাসিক স্থাপনা সংরক্ষণ এবং এর প্রত্ন-পর্যটন সম্ভাবনাকে কাজে লাগাতে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন।