সুনামগঞ্জের ধর্মপাশায় জমির মালিকানা নিয়ে বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে নারীসহ অন্তত ১৫ জন আহত হয়েছেন। শনিবার (২৬ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে উপজেলার পাইকুরাটি ইউনিয়নের গাছতলা বাজারের ট্রলারঘাটের পূর্ব পাশে বিরোধপূর্ণ আমন জমিতে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
আহতদের মধ্যে আটজনের অবস্থা গুরুতর হওয়ায় তাদের ধর্মপাশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দিয়ে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে।
স্থানীয় বাসিন্দা ও প্রত্যক্ষদর্শীরা জানান, গাছতলা বাজারের ট্রলারঘাটের পূর্ব পাশে ৪৩ শতক আমন জমির মালিকানা নিয়ে লেঙ্গুর গ্রামের ঠাকুর ধন (৪৫) ও আব্দুল কদ্দুস (৬৫)-এর মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল।
শনিবার বেলা পৌনে ১২টার দিকে আব্দুল কদ্দুস কয়েকজন লোক নিয়ে বিরোধপূর্ণ জমিতে আমন ধান চাষের জন্য আগাছা পরিষ্কার করতে যান। বিষয়টি জানতে পেরে ঠাকুর ধনের পক্ষের কয়েকজন সেখানে গিয়ে কাজে বাধা দেন। এ নিয়ে দুই পক্ষের মধ্যে প্রথমে কথা-কাটাকাটি হয়। পরে তা সংঘর্ষে রূপ নেয়।
এ সময় উভয় পক্ষের লোকজন লাঠিসোঁটা নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। এতে লেঙ্গুর গ্রামের ছেনুয়ারা খাতুন (৪৫), টিপাশা (২৩), ফেরদৌস মিয়া (৫৩), আব্দুল কদ্দুস (৬৫), শফিকুল ইসলাম (৪৬), বিপাশা (২৮), জীবন চন্দ্র দাস (২৮) ও বাবলু চন্দ্র দাস (৩০)সহ অন্তত ১৫ জন আহত হন।
খবর পেয়ে পাইকুরাটি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ও ৪ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য জিয়া উদ্দিন ঘটনাস্থলে গিয়ে দুই পক্ষকে সরিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
পরে আহতদের স্বজনরা তাদের ধর্মপাশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে আটজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
ধর্মপাশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ ইমাম হোসেন বলেন, জমির মালিকানা নিয়ে বিরোধের জেরেই দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে বেশ কয়েকজন আহত হয়েছেন। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো পক্ষ লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।