দরজায় কড়া নাড়তেই খুলে গেল ঘরের দরজা। বাইরে বোরকা পরা এক ব্যক্তি, হাতে চালের ব্যাগ। ভিক্ষা চাইতে এসেছেন—এমনটাই ধারণা করেছিলেন ৭০ বছর বয়সী হাজেরা বেগম। কিন্তু দরজা খোলার পরই বদলে যায় দৃশ্য। হাতে থাকা হাতুড়ি দিয়ে ওই নারীকে মাথায় আঘাত করে গলা থেকে সোনার চেইন ছিনিয়ে নিয়ে পালিয়ে যায় ওই ব্যক্তি।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে মানিকগঞ্জ সদর উপজেলার উত্তর সেওতা এলাকার বায়তুল আমান ভবনের দ্বিতীয় তলার একটি ফ্ল্যাটে এ ঘটনা ঘটে।
আহত হাজেরা বেগমের মেয়ে আলেয়া বেগম জানান, দুপুরের দিকে বোরকা পরা এক ব্যক্তি বাসার গেটে এসে দরজায় কড়া নাড়েন। তার মা দরজা খুলতেই ওই ব্যক্তি হাতুড়ি দিয়ে মাথায় আঘাত করেন। পরে তার গলায় থাকা প্রায় দেড় ভরি ওজনের সোনার চেইন ছিনিয়ে নিয়ে পালিয়ে যান। ওই ব্যক্তির হাতে একটি চালের ব্যাগ ছিল।
আলেয়া বেগম আরও জানান, মায়ের চিৎকার শুনে আশপাশের লোকজন ছুটে এসে তাকে ঘরের মেঝেতে পড়ে থাকতে দেখেন। খবর পেয়ে তিনি বাসায় গিয়ে আহত মাকে উদ্ধার করে মানিকগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করেন।
ঘটনার বিষয়ে মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসেন বলেন, উত্তর সেওতা এলাকার একটি ফ্ল্যাটে ঢুকে এক নারীকে হাতুড়ি দিয়ে আঘাত করে সোনার চেইন ছিনিয়ে নেওয়ার খবর পাওয়া গেছে। পুলিশ ঘটনাস্থলে গিয়ে বিষয়টি তদন্ত করেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
বর্তমানে আহত হাজেরা বেগম মানিকগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।