ভূমিসেবা নিয়ে অনলাইনে করা অভিযোগ নিষ্পত্তিতে দেশের সব জেলাকে পেছনে ফেলে শীর্ষে উঠে এসেছে চট্টগ্রাম। ভূমি মন্ত্রণালয়ের অভিযোগ ব্যবস্থাপনা ব্যবস্থা (জিআরএস)-এর সর্বশেষ প্রতিবেদনে দেখা গেছে, গত চার মাসে জেলায় অনলাইনে জমা পড়া ৮৮২টি অভিযোগের মধ্যে ৪৮৬টি নিষ্পত্তি করা হয়েছে। এতে অভিযোগ নিষ্পত্তির হার দাঁড়িয়েছে ৫৫ শতাংশ।
গত ২৪ সেপ্টেম্বর প্রকাশিত ভূমি মন্ত্রণালয়ের জিআরএস প্রতিবেদনে ১৯ মে থেকে ২৩ সেপ্টেম্বর ২০২৬ পর্যন্ত অনলাইনে জমা পড়া ও নিষ্পত্তি হওয়া অভিযোগের পরিসংখ্যান তুলে ধরা হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, অভিযোগ নিষ্পত্তির সংখ্যায় চট্টগ্রামের পরেই রয়েছে ময়মনসিংহ। জেলাটিতে ১৯৭টি অভিযোগ নিষ্পত্তি হয়েছে, যার হার ৪১ শতাংশ। এ ছাড়া পাবনায় ১৭০টি, বগুড়ায় ১৬২টি, যশোরে ১৬০টি, নোয়াখালীতে ১৫৭টি, ঢাকায় ১৪৪টি এবং রাজশাহীতে ১৪৩টি অভিযোগ নিষ্পত্তি হয়েছে।
সারা দেশে একই সময়ে অনলাইনে মোট ১৫ হাজার ২০১টি ভূমি-সংক্রান্ত অভিযোগ জমা পড়ে। এর মধ্যে নিষ্পত্তি হয়েছে ৪ হাজার ৩৮৪টি। এখনো অনিষ্পন্ন রয়েছে ১০ হাজার ৮১৭টি অভিযোগ। জাতীয় পর্যায়ে অভিযোগ নিষ্পত্তির হার ২৯ শতাংশ। সেই হিসাবে জাতীয় গড়ের তুলনায় চট্টগ্রামে নিষ্পত্তির হার ২৬ শতাংশ পয়েন্ট বেশি।
অনলাইন অভিযোগ ব্যবস্থার মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার অভিজ্ঞতার কথাও জানিয়েছেন চট্টগ্রামের কয়েকজন সেবাপ্রার্থী। মহানগরের কাট্টলী সার্কেল ভূমি কার্যালয়ের অধীন সেবাপ্রার্থী শফিকুল ইসলাম খান জানান, অনলাইনে ভূমি উন্নয়ন কর (খাজনা) পরিশোধ করতে গিয়ে সমস্যায় পড়লে তিনি জিআরএসে অভিযোগ করেন। পরে সংশ্লিষ্ট সহকারী কমিশনার (ভূমি) তাঁর সঙ্গে ফোনে কথা বলে সমস্যার সমাধান করেন এবং অনলাইনে খাজনার দাখিলা নিশ্চিত করা হয়।
হাটহাজারী উপজেলার অভিযোগকারী নুরদ্দীনও অনলাইনে অভিযোগ করে দ্রুত সমাধান পাওয়ার কথা জানিয়েছেন। তাঁর অভিযোগের পর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হলে ডাকযোগে নামজারি খতিয়ানও হাতে পান তিনি।
চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেন, দেশের অধিকাংশ মামলা ও বিরোধের পেছনে ভূমিসংক্রান্ত জটিলতা রয়েছে। এসব কারণে নাগরিকদের যাতে মামলা, হয়রানি বা ভোগান্তিতে পড়তে না হয়, সে বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে পর্যবেক্ষণ করা হচ্ছে।
তিনি জানান, নাগরিকদের অভিযোগ দ্রুত নিষ্পত্তি এবং ভূমিসেবা সহজ করার লক্ষ্যে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়া হয়েছে।
ভূমি মন্ত্রণালয়ের অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে নাগরিকরা ভূমিসেবা-সংক্রান্ত যেকোনো অভিযোগ অনলাইনে দাখিল করতে পারেন। অভিযোগ দ্রুত ও স্বচ্ছতার সঙ্গে নিষ্পত্তির জন্য নির্দিষ্ট অভিযোগ নিষ্পত্তি কর্মকর্তা ও ফোকাল পয়েন্ট কর্মকর্তারা দায়িত্ব পালন করছেন।