বিশ্ববিদ্যালয়কে শুধু প্রচলিত জ্ঞান বিতরণের মধ্যে সীমাবদ্ধ না রেখে নতুন জ্ঞান সৃষ্টি, উদ্ভাবন এবং ভবিষ্যতের চ্যালেঞ্জ মোকাবিলায় তরুণদের প্রস্তুত করার আহ্বান জানিয়েছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন।
শুক্রবার (২৫ সেপ্টেম্বর) চট্টগ্রামের প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ে দুই দিনব্যাপী ‘নেক্সট জেনারেশন ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিকস, কম্পিউটার সিস্টেমস অ্যান্ড টেকনোলজিস’ শীর্ষক প্রথম আন্তর্জাতিক সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে তিনি এ কথা বলেন।
প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান ডা. শাহাদাত হোসেন বলেন, বিভিন্ন দেশের গবেষক ও বিভিন্ন শাখার গবেষকদের মধ্যে জ্ঞান ও অভিজ্ঞতার আদান-প্রদান হলে গবেষণা আরও কার্যকর ও ফলপ্রসূ হয়। তাই বিশ্ববিদ্যালয়গুলোকে প্রচলিত শিক্ষার পাশাপাশি নতুন জ্ঞান ও উদ্ভাবনের ক্ষেত্র তৈরি করতে হবে।
তিনি বলেন, প্রযুক্তির ব্যবহার হতে হবে দায়িত্বশীল। ভবিষ্যৎ কেবল প্রযুক্তিনির্ভর হবে—এমন নয়; প্রযুক্তি কীভাবে সঠিক ও দায়িত্বশীলভাবে ব্যবহার করা হচ্ছে, তার ওপরও ভবিষ্যতের অনেক কিছু নির্ভর করবে।
মেয়র বলেন, প্রযুক্তি শুধু নতুন যন্ত্র বা ব্যবস্থা উদ্ভাবনের মধ্যে সীমাবদ্ধ নয়। জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা, স্বাস্থ্য ও শিক্ষার মানোন্নয়ন, শিল্পের সক্ষমতা বৃদ্ধি এবং টেকসই নগর গড়ে তুলতেও প্রযুক্তিকে কাজে লাগাতে হবে।
তিনি আশা প্রকাশ করেন, দুই দিনব্যাপী এই আন্তর্জাতিক সম্মেলনের মাধ্যমে গবেষক, শিক্ষাবিদ ও প্রযুক্তি সংশ্লিষ্ট ব্যক্তিদের মধ্যে নতুন গবেষণা, পারস্পরিক সহযোগিতা ও যোগাযোগের সুযোগ তৈরি হবে।
সম্মেলনে প্রযুক্তি ও প্রকৌশল সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে গবেষণা, উদ্ভাবন এবং ভবিষ্যৎ প্রযুক্তির সম্ভাবনা নিয়ে আলোচনা ও মতবিনিময়ের আয়োজন করা হয়েছে।