বগুড়ায় অসহায়, দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়িয়েছেন প্রধানমন্ত্রীর সহকারী ব্যক্তিগত চিকিৎসক ডা. আনোয়ারুল কাদির বিটু। শতাধিক উপকারভোগীর মধ্যে আর্থিক সহায়তার চেক বিতরণ করা হয়েছে। সহায়তা পেয়ে সন্তুষ্টি প্রকাশ করেছেন উপকারভোগীরা।
শুক্রবার বগুড়া সদর উপজেলার সাবগ্রাম চক-আলম সরকারি প্রাথমিক বিদ্যালয় চত্বরে এ মানবিক সহায়তা কার্যক্রমের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা এমপি। পরে দরিদ্র পরিবার, বিধবা, স্বামী পরিত্যক্তা নারীসহ অসহায় পুরুষদের হাতে আর্থিক সহায়তার চেক তুলে দেন ডা. আনোয়ারুল কাদির বিটু।
সহায়তা পাওয়া কয়েকজন জানান, আর্থিক সংকটের সময়ে এই সহযোগিতা তাদের জন্য স্বস্তির কারণ হয়েছে। প্রয়োজনের সময়ে পাশে দাঁড়ানোর জন্য তারা সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা জানান।
অনুষ্ঠানে বগুড়া মহানগর বিএনপির সভাপতি অ্যাডভোকেট হামিদুল হক চৌধুরী হিরু, জেলা বিএনপির সহ-সভাপতি ও সদর উপজেলা বিএনপির সভাপতি মাফতুন আহমেদ খান রুবেল, বাংলাদেশ সাংবাদিক উন্নয়ন সংস্থার সভাপতি মমিনুর রশীদ শাইন, সাবগ্রাম ইউনিয়ন বিএনপির সভাপতি আবু সালেহ নয়ন, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফরিদ উদ্দিন, সাবেক কাউন্সিলর রাজু হোসেন পাইকার, ১৯ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মুক্তার হোসেন, ডা. লায়েল, ডা. মাহবুব হাসানসহ স্থানীয় নেতাকর্মী ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।