বগুড়ার নন্দীগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসেবে দায়িত্ব নিয়েছেন এম. আব্দুল্লাহ ইবনে মাসুদ আহমেদ। অন্যদিকে পদোন্নতি পেয়ে নন্দীগ্রামের সাবেক ইউএনও শারমিন আরা অতিরিক্ত জেলা প্রশাসক হিসেবে যশোরে যোগ দিতে যাচ্ছেন।
বৃহস্পতিবার উপজেলা পরিষদ সভাকক্ষে নবাগত ইউএনওর দায়িত্ব গ্রহণ ও বিদায়ী ইউএনওর বিদায় উপলক্ষে মতবিনিময় সভার আয়োজন করে উপজেলা প্রশাসন। এতে জনপ্রতিনিধি, সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও স্থানীয় রাজনৈতিক নেতারা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও সংসদ সদস্য মো. মোশারফ হোসেন। পরে তিনি প্রতিবন্ধীদের মধ্যে হুইলচেয়ার বিতরণ করেন।
জেলা প্রশাসন সূত্রে জানা যায়, রাজশাহী বিভাগীয় কমিশনার কার্যালয়ের মাঠ প্রশাসন শাখা গত ১৭ সেপ্টেম্বর নন্দীগ্রামের নতুন ইউএনও হিসেবে এম. আব্দুল্লাহ ইবনে মাসুদ আহমেদকে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করে। আদেশ অনুযায়ী তিনি ২০ সেপ্টেম্বর দায়িত্বে যোগ দেন। জেলা প্রশাসক মো. তৌফিকুর রহমান তার যোগদানপত্র গ্রহণ করেন।
এর আগে জনপ্রশাসন মন্ত্রণালয়ের মাঠ প্রশাসন-২ শাখা গত ১৬ সেপ্টেম্বর এক প্রজ্ঞাপনে নন্দীগ্রামের ইউএনও শারমিন আরাকে পদোন্নতি দিয়ে অতিরিক্ত জেলা প্রশাসক হিসেবে যশোরে বদলি করে। পরে ২৪ সেপ্টেম্বর তাকে বগুড়া থেকে অবমুক্ত করেন জেলা প্রশাসক। একই সঙ্গে নবাগত ইউএনওর কাছে দায়িত্ব হস্তান্তরের নির্দেশ দেওয়া হয়।
বিদায়ী ইউএনও শারমিন আরাকে নিয়ে আয়োজিত অনুষ্ঠানে আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। বক্তারা তার দায়িত্ব পালনকালে নন্দীগ্রামের আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, জননিরাপত্তা, উন্নয়ন কর্মকাণ্ড, নিয়মিত ভ্রাম্যমাণ আদালত পরিচালনা এবং বাল্যবিবাহ ও মাদকের বিরুদ্ধে জনসচেতনতা তৈরির বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরেন।
এ ছাড়া সার ও বাজার ব্যবস্থাপনা এবং জনস্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে তার সক্রিয় ভূমিকার কথাও উল্লেখ করেন বক্তারা।
অনুষ্ঠানে উপজেলা বিএনপির সভাপতি মো. আলাউদ্দিন সরকার, সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন আদর, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ গাজিউল হক, পৌর বিএনপির সভাপতি মো. আলেকজান্ডার, সাধারণ সম্পাদক শফিউল আলম সুমন, পৌরসভার সাবেক মেয়র সুশান্ত সরকার শান্ত, থানার ওসি তারিকুল ইসলাম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সরদার ফজলুল করিমসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
এ ছাড়া উপজেলা ও পৌর বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতারাও অনুষ্ঠানে অংশ নেন।