নরসিংদীতে যাত্রীবাহী সিএনজি ও কাভার্ডভ্যানের সংঘর্ষে দুই যাত্রী নিহত হয়েছেন। শুক্রবার (২৫ সেপ্টেম্বর) সকালে পাঁচদোনা-টঙ্গী সড়কের ভাটপাড়া বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন—নরসিংদী সদর উপজেলার চরদিঘলদী ইউনিয়নের অন্তরামপুর এলাকার খোরশেদ আলমের ছেলে সাইদুল ইসলাম (২২) এবং আশুলিয়ার মাতাইল দক্ষিণপাড়ার হারিস মোল্লার ছেলে নুর উদ্দিন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে গাজীপুর থেকে যাত্রী নিয়ে একটি সিএনজি নরসিংদীর দিকে যাচ্ছিল। সকাল ৯টার দিকে পাঁচদোনার ভাটপাড়া এলাকায় পৌঁছালে সিএনজিটি একটি যানবাহনকে ওভারটেক করার চেষ্টা করে। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি কাভার্ডভ্যানের সঙ্গে সিএনজিটির সংঘর্ষ হয়।
সংঘর্ষে সিএনজির যাত্রী নুর উদ্দিন ঘটনাস্থলেই নিহত হন। গুরুতর আহত সাইদুল ইসলামকে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
দুর্ঘটনার খবর পেয়ে মাধবদী থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নুর উদ্দিনের মরদেহ উদ্ধার করে। একই সঙ্গে সিএনজি চালককে হেফাজতে নেওয়া হয়েছে।
মাধবদী থানার উপপরিদর্শক (এসআই) মো. জসিম জানান, নিহত দুজনের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। নিহতদের পরিবারের সঙ্গে কথা বলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।