রাষ্ট্রপতি হিসেবে প্রথমবারের মতো সিলেট সফরে এসে হজরত শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারত করেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে গাড়িবহর নিয়ে মাজার প্রাঙ্গণে পৌঁছান তিনি। এ সময় মাজার কর্তৃপক্ষ তাকে স্বাগত জানান।
মাজার জিয়ারত শেষে রাষ্ট্রপতি দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ মোনাজাতে অংশ নেন। পরে তিনি কিছু সময় মাজার এলাকায় অবস্থান করেন।
রাষ্ট্রপতির মাজারে আসা ও ফিরে যাওয়ার সময় সড়কের দুই পাশে দাঁড়িয়ে অসংখ্য মানুষ তাকে স্বাগত জানান। নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে সিলেট মহানগর বিএনপির নেতাকর্মীরাও অবস্থান নিয়ে রাষ্ট্রপতিকে শুভেচ্ছা জানান।
এর আগে নির্ধারিত সময়ের প্রায় ১২ মিনিট পর মঙ্গলবার সকাল ১১টা ২৭ মিনিটে রাষ্ট্রপতিকে বহনকারী বিমান সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। সেখানে তাকে স্বাগত জানান বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী, সিলেটের বিভিন্ন সংসদীয় আসনের সদস্য, জেলা ও মহানগর বিএনপির নেতৃবৃন্দ এবং জেলা প্রশাসনসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
বিমানবন্দর থেকে রাষ্ট্রপতি গাড়িবহর নিয়ে সিলেট সার্কিট হাউসের উদ্দেশে রওনা হন। সেখানে পৌঁছে তিনি গার্ড অব অনার গ্রহণ করেন। পরে শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারতের উদ্দেশে সার্কিট হাউস ত্যাগ করেন।
শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারত শেষে রাষ্ট্রপতির হজরত শাহপরান (রহ.)-এর মাজার জিয়ারতের কথা রয়েছে। এরপর তিনি সার্কিট হাউসে ফিরে কিছু সময় বিশ্রাম নেবেন।
সফরসূচি অনুযায়ী, বিকেল সাড়ে ৩টার দিকে সিলেট সিটি করপোরেশনের উদ্যোগে নগর ভবনের সামনে রাষ্ট্রপতিকে নাগরিক সংবর্ধনা দেওয়া হবে। সংবর্ধনা শেষে তিনি আবার সার্কিট হাউসে ফিরবেন।
সন্ধ্যায় সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশে রাষ্ট্রপতির রওনা হওয়ার কথা রয়েছে। সফরকে কেন্দ্র করে সিলেট নগরীর বিভিন্ন এলাকায় নেওয়া হয়েছে ব্যাপক নিরাপত্তাব্যবস্থা। রাষ্ট্রপতির সফর নির্বিঘ্ন করতে প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হয়েছে।