দুর্গম ধনিরামপাড়ায় মেডিকেল ক্যাম্প, শিশুদের পুষ্টি ও নিরাপদ খাবার নিয়ে সচেতনতা

মাটিরাঙ্গা (খাগড়াছড়ি) সংবাদদাতা

সারাদেশ

খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলার দুর্গম ধনিরামপাড়ায় স্থানীয়দের স্বাস্থ্যসেবা দিতে যৌথ মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। মাটিরাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সৌজন্যে আয়োজিত এ

2026-09-15T15:00:17+00:00
2026-09-15T15:00:17+00:00
  মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬,
৩১ ভাদ্র ১৪৩৩
 
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ
দুর্গম ধনিরামপাড়ায় মেডিকেল ক্যাম্প, শিশুদের পুষ্টি ও নিরাপদ খাবার নিয়ে সচেতনতা
মাটিরাঙ্গা (খাগড়াছড়ি) সংবাদদাতা
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬, ৩:০০ পিএম 
সংগৃহীত ছবি
খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলার দুর্গম ধনিরামপাড়ায় স্থানীয়দের স্বাস্থ্যসেবা দিতে যৌথ মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। মাটিরাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সৌজন্যে আয়োজিত এ ক্যাম্পে চিকিৎসাসেবার পাশাপাশি শিশুদের পুষ্টি, পরিপূরক খাবার, নিরাপদ খাদ্য প্রস্তুত ও ব্যক্তিগত পরিচ্ছন্নতা বিষয়ে অভিভাবকদের সচেতন করা হয়।

ক্যাম্পে গ্রাউস (GRAUS), জাবারাং কল্যাণ সমিতি ও ব্র্যাক হেলথ অংশ নেয়। এ সময় দুর্গম এলাকার বাসিন্দাদের চিকিৎসাসেবা ও স্বাস্থ্য পরামর্শ দেওয়ার পাশাপাশি শিশুদের সুষম খাদ্য এবং নিরাপদভাবে খাবার তৈরির বিভিন্ন দিক তুলে ধরা হয়।

ক্যাম্পের অন্যতম আকর্ষণ ছিল ৬ থেকে ২৩ মাস বয়সী শিশুদের জন্য পরিপূরক খাবার হিসেবে সুজি ও খিচুড়ি তৈরির ব্যবহারিক প্রদর্শনী। স্থানীয়ভাবে সহজলভ্য উপকরণ ব্যবহার করে কীভাবে শিশুর জন্য পুষ্টিকর খাবার তৈরি করা যায়, তা অভিভাবকদের হাতে-কলমে দেখানো হয়।

প্রদর্শনীতে রান্নার আগে ও পরে হাত পরিষ্কার রাখার গুরুত্বও তুলে ধরা হয়। সাবান ও পরিষ্কার পানি দিয়ে সঠিক নিয়মে হাত ধোয়ার পাশাপাশি শিশুকে খাওয়ানোর আগে, খাবার প্রস্তুতের আগে এবং শিশুর পায়খানা পরিষ্কারের পর হাত ধোয়ার প্রয়োজনীয়তা সম্পর্কে অভিভাবকদের সচেতন করা হয়।

এ ছাড়া সবজি পরিষ্কার, কাটাকাটি ও রান্নার সঠিক পদ্ধতি দেখানো হয়। খাবারের পুষ্টিগুণ অক্ষুণ্ন রাখতে সবজি কীভাবে প্রস্তুত ও রান্না করতে হবে, সে বিষয়ে দেওয়া হয় বিভিন্ন পরামর্শ। খিচুড়ি তৈরির সময় চাল, ডাল, তেল ও সবজির সমন্বয়ে শিশুর বয়স উপযোগী নরম ও পুষ্টিকর খাবার প্রস্তুতের পদ্ধতিও দেখানো হয়।

সুজি তৈরির সময় উপকরণের সঠিক ব্যবহার, পরিমাণ ও শিশুর বয়স অনুযায়ী খাবারের ঘনত্ব ঠিক রাখার বিষয়েও অভিভাবকদের ধারণা দেওয়া হয়। রান্না শেষে খাবার শিশুর উপযোগী তাপমাত্রায় পরিবেশনের বিষয়টিও তুলে ধরা হয়।

পরে শিশুদের জন্য সুজি ও খিচুড়ি রান্না করে সরাসরি খাওয়ানো হয়। এ সময় খাবারে থাকা শর্করা, প্রোটিন, শক্তি, ভিটামিন ও খনিজ উপাদানের গুরুত্ব এবং শিশুর শারীরিক ও মানসিক বিকাশে এসব পুষ্টির ভূমিকা তুলে ধরা হয়।

অনুষ্ঠানে মাটিরাঙ্গা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শোভন দত্ত বলেন, ছয় মাস বয়সের পর মায়ের দুধের পাশাপাশি শিশুর বয়স ও প্রয়োজন অনুযায়ী পুষ্টিকর ও বৈচিত্র্যময় পরিপূরক খাবার দেওয়া জরুরি। সঠিক পুষ্টি শিশুর স্বাভাবিক বৃদ্ধি, শারীরিক ও মানসিক বিকাশ এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

পুষ্টিবিষয়ক কার্যক্রমটি মাটিরাঙ্গা উপজেলা কো-অর্ডিনেটর মো. মঈনুদ্দিন রাজু মনিটরিং করেন। তিনি শিশুদের নিরাপদ ও পুষ্টিকর খাবার নিশ্চিত করার পাশাপাশি খাবার প্রস্তুতের প্রতিটি ধাপে ব্যক্তিগত পরিচ্ছন্নতা ও সঠিক নিয়মে হাত ধোয়ার ওপর গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানে স্থানীয় অংশগ্রহণকারী আলাকা বাসী এ ধরনের জনকল্যাণমূলক স্বাস্থ্য ও পুষ্টি কার্যক্রম পরিচালনার জন্য আয়োজকদের ধন্যবাদ জানান। তিনি দুর্গম এলাকার শিশু ও পরিবারগুলোর জন্য এ ধরনের কার্যক্রম নিয়মিত আয়োজনের প্রত্যাশা ব্যক্ত করেন।

সংশ্লিষ্টরা জানান, দুর্গম এলাকায় চিকিৎসাসেবার পাশাপাশি ব্যবহারিক পুষ্টি প্রদর্শনীর মতো উদ্যোগ অভিভাবকদের শিশুদের পুষ্টি, নিরাপদ খাদ্য প্রস্তুত, ব্যক্তিগত পরিচ্ছন্নতা ও সঠিক হাত ধোয়ার বিষয়ে সচেতন করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।


Loading...
Loading...

সারাদেশ- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: