শেরপুরের ঝিনাইগাতী সীমান্ত দিয়ে পাচারের চেষ্টাকালে বিপুল পরিমাণ ভারতীয় তৈরি পোশাক জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। জব্দ করা পোশাকের সিজার মূল্য ১১ লাখ ৬ হাজার ৫০০ টাকা।
ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি) সূত্রে জানা যায়, ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ ঝিনাইগাতী উপজেলার রাংটিয়া সীমান্ত এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। এ সময় চোরাকারবারিরা অভিনব কৌশলে ভারতীয় তৈরি পোশাক পাচারের চেষ্টা করছিল। বিজিবির অভিযানে এসব পোশাক জব্দ করা হয়।
বিজিবি জানায়, ময়মনসিংহ ও শেরপুর জেলার আন্তর্জাতিক সীমান্ত সুরক্ষা এবং অবৈধ কার্যক্রম প্রতিরোধে সদস্যরা ২৪ ঘণ্টা দায়িত্ব পালন করছেন। সীমান্তে মাদক, চোরাচালানি পণ্য ও অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির কঠোর অবস্থান অব্যাহত রয়েছে।
বৃহস্পতিবার সকালে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নুরুল আজিম বায়েজীদ বলেন, সীমান্তে চোরাচালান ও অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধে বিজিবি কঠোর অবস্থানে রয়েছে। এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।