জামালপুরের বকশীগঞ্জে দশানী নদীর ভাঙন থেকে বালুরগ্রাম রক্ষায় নদী খনন করে স্বাভাবিক গতিপথ ফিরিয়ে আনার দাবিতে মানববন্ধন করেছেন এলাকাবাসী।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) দুপুর ১২টার দিকে বালুরগ্রাম এলাকাবাসীর উদ্যোগে দশানী সেতুর নিচে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তব্য দেন আব্দুস ছামাদ, জুব্বার আলী, শাহীনুর রহমানসহ স্থানীয় বাসিন্দারা।
বক্তারা বলেন, কয়েক বছর ধরে বকশীগঞ্জ উপজেলার সাধুরপাড়া ইউনিয়নের বালুরগ্রামসংলগ্ন দশানী নদীতে তীব্র ভাঙন দেখা দিয়েছে। এতে নদীতীরের ফসলি জমি ও বসতবাড়ি বিলীন হচ্ছে। ভাঙনের কারণে নদীর ওপর নির্মিত দশানী সেতুটিও হুমকির মুখে পড়েছে।
তাঁরা আরও বলেন, নদীর পশ্চিম পাশে দশানী সেতুর নিচে বালুচর জমে স্বাভাবিক পানিপ্রবাহ বাধাগ্রস্ত হচ্ছে। ফলে নদীর পূর্ব পাশ দিয়ে পানি প্রবাহিত হওয়ায় সেখানে ব্যাপক ভাঙন দেখা দিয়েছে। এতে স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
বালুরগ্রামকে ভাঙনের হাত থেকে রক্ষা করতে দশানী সেতুর নিচে পশ্চিম পাশে জমে থাকা বালু দ্রুত খনন করে নদীর স্বাভাবিক গতিপথ ফিরিয়ে আনার দাবি জানান বক্তারা। এ জন্য তাঁরা প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেন।