জেলা হাসপাতাল রোডে উচ্ছেদ অভিযান, জরিমানা দুই ব্যবসায়ীকে

চাঁপাইনবাবগঞ্জ সংবাদদাতা

সারাদেশ

ফুটপাত ও সড়কের জায়গা দখল করে গড়ে ওঠা অবৈধ দোকানপাট উচ্ছেদে চাঁপাইনবাবগঞ্জে অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। জেলা হাসপাতালসংলগ্ন এলাকায় পরিচালিত

2026-09-15T14:56:12+00:00
2026-09-15T14:56:12+00:00
  মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬,
৩১ ভাদ্র ১৪৩৩
 
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ
জেলা হাসপাতাল রোডে উচ্ছেদ অভিযান, জরিমানা দুই ব্যবসায়ীকে
চাঁপাইনবাবগঞ্জ সংবাদদাতা
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬, ২:৫৬ পিএম 
সংগৃহীত ছবি
ফুটপাত ও সড়কের জায়গা দখল করে গড়ে ওঠা অবৈধ দোকানপাট উচ্ছেদে চাঁপাইনবাবগঞ্জে অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। জেলা হাসপাতালসংলগ্ন এলাকায় পরিচালিত এ অভিযানে দখল ও অনিয়মের দায়ে দুই ব্যবসায়ীকে মোট ১ হাজার টাকা জরিমানা করা হয়েছে। একই সঙ্গে ফুটপাত ও সড়ক দখল করে ব্যবসা না করার জন্য ব্যবসায়ীদের সতর্ক করা হয়।

সোমবার (১৪ সেপ্টেম্বর) চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালের সামনে ও আশপাশের এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

জানা গেছে, দীর্ঘদিন ধরে হাসপাতাল এলাকার ফুটপাত ও সড়কের অংশ দখল করে বিভিন্ন ধরনের দোকানপাট ও ব্যবসা পরিচালনা করায় পথচারীদের চলাচলে বিঘ্ন সৃষ্টি হচ্ছিল। একই সঙ্গে ব্যস্ত এ সড়কে প্রায়ই যানজটের সৃষ্টি হতো। এতে রোগী ও স্বজনসহ সাধারণ মানুষের দুর্ভোগ বাড়ছিল।

স্থানীয় প্রশাসন ও পৌর কর্তৃপক্ষ বিষয়টি আমলে নিয়ে দখলমুক্ত করার উদ্যোগ নেয়। এর আগে চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার পক্ষ থেকে মাইকিং করে ব্যবসায়ীদের ফুটপাত ও রাস্তা দখল না করার জন্য একাধিকবার সতর্ক করা হয়। দখল সরিয়ে নেওয়ার নির্দেশনাও দেওয়া হয়েছিল।

তবে অভিযোগ রয়েছে, সতর্ক করার পরও কয়েকজন ব্যবসায়ী নির্দেশনা উপেক্ষা করে ফুটপাত ও সড়কের অংশ দখল করে ব্যবসা চালিয়ে যাচ্ছিলেন। পরে জনস্বার্থে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মো. ইকরামুল হক নাহিদ। এ সময় চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার কর্মকর্তা-কর্মচারী ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত থেকে অভিযানে সহযোগিতা করেন।

অভিযান চলাকালে অবৈধভাবে ফুটপাত ও রাস্তার অংশ দখল করে ব্যবসা পরিচালনার দায়ে দুই ব্যবসায়ীর কাছ থেকে মোট ১ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। পাশাপাশি দখলমুক্ত জায়গায় পুনরায় দোকানপাট না বসানোর জন্য সংশ্লিষ্টদের সতর্ক করা হয়।

স্থানীয় বাসিন্দারা জানান, হাসপাতালের সামনে ফুটপাত দখল থাকায় রোগী ও স্বজনদের পাশাপাশি সাধারণ পথচারীদেরও সড়ক দিয়ে চলাচল করতে হয়। এতে দুর্ঘটনা ও যানজটের ঝুঁকি তৈরি হয়। দীর্ঘদিনের জনদুর্ভোগ কমাতে প্রশাসনের এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন তারা।

পৌর কর্তৃপক্ষ জানিয়েছে, চাঁপাইনবাবগঞ্জ শহরকে সুন্দর, পরিচ্ছন্ন ও যানজটমুক্ত রাখতে ধারাবাহিকভাবে উচ্ছেদ অভিযান চালানো হবে। এর অংশ হিসেবে ফুড অফিস মোড়, নিউমার্কেটের সামনের এলাকা, আশপাশের ফুটপাত এবং বাতেন খাঁ মোড় এলাকার সড়ক ও ফুটপাত দখলমুক্ত করতে পর্যায়ক্রমে অভিযান পরিচালনা করা হবে।


Loading...
Loading...

সারাদেশ- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: