নদী আছে, সেতু নেই—খেয়ায় ঝুঁকিপূর্ণ পারাপারে ১৫ হাজার মানুষের জীবন!

বকশীগঞ্জ (জামালপুর) সংবাদদাতা

সারাদেশ

একটি সেতুর অভাবে প্রতিদিন খেয়া পার হয়ে নদী পাড়ি দিতে হচ্ছে প্রায় ১০ থেকে ১৫ হাজার মানুষকে। এতে শিক্ষার্থী, কৃষক,

2026-09-15T14:45:23+00:00
2026-09-15T14:45:23+00:00
  মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬,
৩১ ভাদ্র ১৪৩৩
 
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ
নদী আছে, সেতু নেই—খেয়ায় ঝুঁকিপূর্ণ পারাপারে ১৫ হাজার মানুষের জীবন!
বকশীগঞ্জ (জামালপুর) সংবাদদাতা
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬, ২:৪৫ পিএম 
সংগৃহীত ছবি
একটি সেতুর অভাবে প্রতিদিন খেয়া পার হয়ে নদী পাড়ি দিতে হচ্ছে প্রায় ১০ থেকে ১৫ হাজার মানুষকে। এতে শিক্ষার্থী, কৃষক, রোগী, ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষকে পোহাতে হচ্ছে চরম দুর্ভোগ। বর্ষায় নদীর পানি বাড়লে ঝুঁকি আরও বেড়ে যায়। দীর্ঘদিনের এই দুর্ভোগ থেকে মুক্তি পেতে জামালপুরের বকশীগঞ্জ উপজেলার সাধুরপাড়া ইউনিয়নের বদনেরচর এলাকায় দশানী নদীর ওপর সেতু নির্মাণের দাবিতে মানববন্ধন করেছেন স্থানীয়রা।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে বদনেরচর তালতলা এলাকায় দশানী নদীর তীরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে স্থানীয় বাসিন্দা, শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

মানববন্ধনে বক্তারা বলেন, বদনেরচর ও আশপাশের কয়েকটি গ্রামের মানুষের যাতায়াতের গুরুত্বপূর্ণ পথ পাগলা খেয়াঘাট। কিন্তু সেখানে সেতু না থাকায় প্রতিদিন নৌকা বা খেয়ায় নদী পার হতে হয়। বর্ষা মৌসুমে নদীতে পানি বাড়লে পারাপার হয়ে ওঠে আরও ঝুঁকিপূর্ণ। এতে স্কুল-কলেজগামী শিক্ষার্থী থেকে শুরু করে রোগী, কৃষক ও সাধারণ মানুষকে চরম ভোগান্তিতে পড়তে হয়।

স্থানীয়রা জানান, সেতুর অভাবে এলাকার সঙ্গে আশপাশের সড়ক যোগাযোগ অনেকটাই বাধাগ্রস্ত হচ্ছে। কৃষকদের উৎপাদিত ধান, সবজি ও অন্যান্য পণ্য বাজারে নিতে অতিরিক্ত সময় ও পরিবহন খরচ গুনতে হচ্ছে। জরুরি সময়ে রোগীকে হাসপাতালে নেওয়াও কঠিন হয়ে পড়ে। বিশেষ করে রাতে খেয়া পারাপার করতে গিয়ে দুর্ঘটনার আশঙ্কা থাকে।

এলাকাবাসীর দাবি, নদী পারাপারের সময় এর আগে পানিতে পড়ে শিক্ষার্থীর মৃত্যুর ঘটনাও ঘটেছে। ফলে সন্তানদের স্কুলে পাঠিয়ে অনেক অভিভাবককে উৎকণ্ঠায় থাকতে হয়। তাদের মতে, পাগলা খেয়াঘাটে একটি সেতু নির্মাণ করা হলে শুধু যোগাযোগ ব্যবস্থার উন্নয়নই হবে না; শিক্ষা, চিকিৎসা, কৃষি ও স্থানীয় ব্যবসা-বাণিজ্যেও গতি ফিরবে।

মানববন্ধনে স্থানীয় বাসিন্দা রিপন মিয়া বলেন, পাগলা খেয়াঘাটে সেতু নির্মাণ এলাকাবাসীর দীর্ঘদিনের দাবি। সেতু হলে শিক্ষার্থীদের নিরাপদে স্কুলে যাতায়াত সহজ হবে। কৃষিপণ্য দ্রুত বাজারে নেওয়া যাবে এবং মুমূর্ষু রোগীদের সময়মতো হাসপাতালে নেওয়া সম্ভব হবে। আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দ্রুত সেতু নির্মাণের দাবি জানাচ্ছি।

আরেক বাসিন্দা মো. ফারুক মিয়া বলেন, দেশ স্বাধীন হওয়ার ৫৫ বছর পেরিয়ে গেলেও এই এলাকার মানুষ কাঙ্ক্ষিত উন্নয়ন থেকে বঞ্চিত। দশানী নদীর ওপর একটি সেতু আমাদের কাছে কোনো বিলাসিতা নয়, এটি এখন সময়ের দাবি। প্রায় ১৫ হাজার মানুষের দুর্ভোগ লাঘবে পাগলা খেয়াঘাটে দ্রুত সেতু নির্মাণ করতে হবে।

মানববন্ধনে স্থানীয়রা পাগলা খেয়াঘাটে সেতু চাই, শিক্ষার্থীদের নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে হবে এবং দশানী নদীর ওপর দ্রুত সেতু নির্মাণ করতে হবে—এমন বিভিন্ন স্লোগান দেন।

মানববন্ধন শেষে এলাকাবাসী জামালপুর-১ আসনের সংসদ সদস্য ও বিমানমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাতসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত হস্তক্ষেপ কামনা করেন। তাদের প্রত্যাশা, পাগলা খেয়াঘাটে সেতু নির্মাণ হলে দীর্ঘদিনের যোগাযোগ সংকটের অবসান হবে এবং বদনেরচরসহ আশপাশের গ্রামের ১০ থেকে ১৫ হাজার মানুষের জীবনযাত্রায় ইতিবাচক পরিবর্তন আসবে।


Loading...
Loading...

সারাদেশ- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: