চট্টগ্রামে ডেঙ্গু পরিস্থিতি ক্রমেই উদ্বেগজনক হয়ে উঠছে। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে এক শিশুসহ দুজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ৬৮ জনের শরীরে ডেঙ্গু শনাক্ত হয়েছে।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) বিকেলে চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত সর্বশেষ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। বুধবার সকাল ৮টা থেকে বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টার হিসাব অনুযায়ী, চলতি সেপ্টেম্বর মাসে ডেঙ্গু আক্রান্ত হয়েছেন ৬৫৩ জন। এ সময়ে মারা গেছেন চারজন।
ডেঙ্গুতে মারা যাওয়া শিশুটির নাম রোজাইনা মমজিদ। তার বয়স মাত্র চার বছর। ঢাকার তেজগাঁও এলাকার বাসিন্দা রোজাইনা গত ৬ সেপ্টেম্বর চট্টগ্রামের এভারকেয়ার হাসপাতালে ভর্তি হয়। চিকিৎসাধীন অবস্থায় বুধবার তার মৃত্যু হয়।
অন্যদিকে ডেঙ্গুতে মারা যাওয়া অপরজন রাশেদা বেগম (২৯)। তিনি সন্দ্বীপের বাসিন্দা। ডেঙ্গু আক্রান্ত হয়ে গত ৫ সেপ্টেম্বর নগরের মা ও শিশু জেনারেল হাসপাতালে ভর্তি হন তিনি। বৃহস্পতিবার সকাল ৯টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
সিভিল সার্জন কার্যালয়ের তথ্য অনুযায়ী, বর্তমানে চট্টগ্রামের বিভিন্ন হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত ২০১ জন চিকিৎসা নিচ্ছেন।
চলতি বছর এখন পর্যন্ত চট্টগ্রামে মোট ২ হাজার ৬৮৯ জন ডেঙ্গু আক্রান্ত হয়েছেন। এর মধ্যে মৃত্যু হয়েছে নয়জনের।
তবে সিভিল সার্জন কার্যালয়ের পরিসংখ্যানে থাকা সংখ্যার বাইরেও ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা থাকতে পারে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
কারণ, চট্টগ্রামের সব হাসপাতাল ও ডায়াগনস্টিক ল্যাব থেকে নিয়মিত রোগীর তথ্য সিভিল সার্জন কার্যালয়ে পাঠানো হয় না। ফলে সরকারি হিসাবে প্রতিফলিত সংখ্যার চেয়ে প্রকৃত আক্রান্তের সংখ্যা বেশি হওয়ার সম্ভাবনা রয়েছে।