পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে হবিগঞ্জে কুইজ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করেছে H.B Nobo Utthan Social Organization। এতে শিক্ষার্থী, স্বেচ্ছাসেবী, সামাজিক সংগঠনের প্রতিনিধি ও গণমাধ্যমকর্মীরা অংশ নেন।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) হবিগঞ্জ প্রেস ক্লাবে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। সংগঠনের সভাপতি মো. মোবাশ্বির আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংগঠনের উপদেষ্টা জাহাঙ্গীর আলম। উদ্বোধন করেন হবিগঞ্জ দারুসসুন্নাৎ কামিল মাদ্রাসার ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক আব্দুল মালেক।
অনুষ্ঠানে বক্তারা ঈদে মিলাদুন্নবীর তাৎপর্য তুলে ধরেন। মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর জীবন, আদর্শ ও শিক্ষা তরুণ প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়ার ওপর গুরুত্বারোপ করেন তারা।
একই সঙ্গে শিক্ষার্থীদের নিয়মিত জ্ঞানচর্চা, নৈতিক মূল্যবোধ অর্জন এবং মানবিক ও সামাজিক কর্মকাণ্ডে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান বক্তারা।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাংবাদিক এম. এ রাজা, সংগঠনের উপদেষ্টা মো. বোরহান উদ্দিন, উদ্ভাবনী বিজ্ঞান ক্লাবের সভাপতি মোসাহিদ মজুমদার, মানবাধিকার আইন সহায়তা কেন্দ্রের প্রেসিডেন্ট সৈয়দ জুয়েল আহমেদ ও মো. সাইদুর রহমান।
এ ছাড়া আলোর পথে সামাজিক সংগঠন, শেখর মানবিক সংগঠন, সাম্য মানবতা প্রহরী সংগঠন, রক্তদান ব্লাড ফাউন্ডেশন, লোকরা জনকল্যাণ সংঘসহ বিভিন্ন সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধিরা অনুষ্ঠানে অংশ নেন।
কুইজ প্রতিযোগিতায় অংশ নেওয়া শিক্ষার্থীদের মধ্য থেকে বিজয়ীদের হাতে পুরস্কার ও সনদপত্র তুলে দেওয়া হয়।
আয়োজকরা জানান, শিক্ষার্থীদের জ্ঞানচর্চায় উৎসাহিত করা, ইসলামের ইতিহাস ও ঐতিহ্য সম্পর্কে আগ্রহ বাড়ানো এবং তরুণ প্রজন্মকে সামাজিক ও মানবিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করাই এ আয়োজনের মূল উদ্দেশ্য।
অনুষ্ঠানের সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন সংগঠনের সদস্য ও স্বেচ্ছাসেবীরা। আয়োজন সফল করতে সহযোগিতা করায় অতিথি, শিক্ষার্থী, সাংবাদিক, স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধি ও সংশ্লিষ্ট সবার প্রতি কৃতজ্ঞতা জানান আয়োজকরা।