মানিকগঞ্জের সিংগাইরে মেধা বিকাশ বৃত্তি পরীক্ষায় উত্তীর্ণ ও এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে।
শনিবার (২৪ অক্টোবর) দুপুর ১টার দিকে ‘স্বপ্নের আঙ্গিনা ফাউন্ডেশন’-এর উদ্যোগে উপজেলা অডিটোরিয়ামে এ সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও পরিচালক দেওয়ান মো. আলী আকবরের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা খায়রুন্নাহার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মো. আল আমিন কবির, ভারপ্রাপ্ত উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আছমা পারভীন, সিংগাইর সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. জাহিনুর রহমান সৌরভ, পৌর বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মো. রিয়াজুল ইসলাম এবং সিংগাইর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আরিফুর রহমান।
এ ছাড়া বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় বক্তারা শিক্ষার্থীদের মেধা বিকাশে সংশ্লিষ্ট সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান। পাশাপাশি সুশিক্ষায় শিক্ষিত হয়ে দেশ ও মানুষের কল্যাণে কাজ করার জন্য শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান তাঁরা।
অনুষ্ঠান শেষে বৃত্তিপ্রাপ্ত ও কৃতী শিক্ষার্থীদের হাতে বৃত্তির অর্থ, সনদপত্র ও ক্রেস্ট তুলে দেওয়া হয়।