দিনাজপুরের পার্বতীপুরে বিয়ের প্রলোভনে অষ্টম শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলার প্রধান আসামি বিপ্লব হোসেনকে (১৮) নারায়ণগঞ্জ থেকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)।
রবিবার (২৫ অক্টোবর) দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় এসআরবি। এর আগে শনিবার রাত সাড়ে ৯টার দিকে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানাধীন দশতলা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার বিপ্লব হোসেন দিনাজপুরের পার্বতীপুর উপজেলার পূর্ব শুকদেবপুর নায়াপাড়া এলাকার আব্দুল গফুরের ছেলে।
মামলার এজাহার সূত্রে জানা যায়, ভুক্তভোগী কিশোরী স্থানীয় একটি মাদ্রাসার অষ্টম শ্রেণির শিক্ষার্থী। অভিযুক্ত বিপ্লব তার প্রতিবেশী। এজাহারে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক থাকার কথা উল্লেখ করা হয়েছে।
এজাহারের অভিযোগ অনুযায়ী, গত ২৩ আগস্ট সন্ধ্যায় বিপ্লব ওই কিশোরীকে একটি চিঠি দিয়ে একই গ্রামের আকবর মাস্টারের আমবাগানে যেতে বলে। পরে সেখানে গেলে বিয়ের প্রলোভন দেখিয়ে তাকে ধর্ষণ করা হয় বলে অভিযোগ করা হয়েছে।
এ ঘটনায় ভুক্তভোগীর বাবা বাদী হয়ে পার্বতীপুর থানায় মামলা করেন।
এসআরবি জানায়, মামলা দায়েরের পর থেকেই প্রধান আসামিকে গ্রেপ্তারে গোয়েন্দা নজরদারি চালানো হচ্ছিল। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে সিপিসি-১, এসআরবি-১৩, দিনাজপুর এবং সিপিএসসি, এসআরবি-১১, নারায়ণগঞ্জের একটি যৌথ আভিযানিক দল সিদ্ধিরগঞ্জের দশতলা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তারের পর বিপ্লবকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
এসআরবি আরও জানায়, হত্যা, অপহরণ, ধর্ষণসহ গুরুতর অপরাধ দমনে তাদের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।
সংবাদ বিজ্ঞপ্তিতে স্বাক্ষর করেন এসআরবির সহকারী পুলিশ সুপার ও সহকারী পরিচালক (মিডিয়া, ভারপ্রাপ্ত) মুহম্মদ মনিরুজ্জামান।