পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলা সাব-রেজিস্ট্রার কার্যালয়ে বছরের পর বছর পড়ে থাকা প্রায় আড়াই হাজার দাবিহীন দলিল পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে অফিস প্রাঙ্গণে আনুষ্ঠানিকভাবে এসব দলিল আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়।
দলিল ধ্বংসের সময় তেঁতুলিয়া উপজেলা সাব-রেজিস্ট্রার নাজমুল ইসলাম, পঞ্চগড় সদর উপজেলা সাব-রেজিস্ট্রার তৌফিক সালাহ্ উদ্দীন, অফিসের কর্মকর্তা-কর্মচারী, নকলনবীশ, দলিল লেখক ও স্থানীয় গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
সাব-রেজিস্ট্রার কার্যালয় সূত্রে জানা গেছে, ২০১৩ সালের ৯ নম্বর থেকে ২০২২ সালের ২৬৪৯ নম্বর পর্যন্ত বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের নামে তৈরি মূল দলিলগুলো দীর্ঘদিন ধরে অফিসে দাবিহীন অবস্থায় পড়ে ছিল। অছিয়ত ও উইল দলিল ছাড়া এসব দাবিহীন মূল দলিল ধ্বংসের জন্য গণবিজ্ঞপ্তি জারি করা হয়।
মোট ৩ হাজার ১৫০টি দাবিহীন দলিলের মধ্যে মূল রশিদ জমা দিয়ে ৬৫০টি দলিল সংশ্লিষ্টরা ফেরত নিয়েছেন। বাকি ২ হাজার ৫০০টি দলিল নিয়ম অনুযায়ী ধ্বংস করা হয়েছে।
তেঁতুলিয়া উপজেলা সাব-রেজিস্ট্রার নাজমুল ইসলাম বলেন, নিবন্ধন অধিদপ্তরের নির্দেশনা অনুযায়ী কোনো দলিল দুই বছরের বেশি সময় সাব-রেজিস্ট্রার কার্যালয়ে দাবিহীন অবস্থায় পড়ে থাকলে আইন অনুযায়ী তা ধ্বংস করার বিধান রয়েছে।
তিনি বলেন, নির্ধারিত নিয়ম অনুসরণ করে গণবিজ্ঞপ্তি জারির পর ২০১৩ থেকে ২০২২ সাল পর্যন্ত বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের নামে তৈরি দাবিহীন দলিলগুলো ধ্বংস করা হয়েছে।