বাংলাদেশ থেকে ১০ হাজার কর্মী নেওয়ার আগ্রহ দেখিয়েছে মধ্যপ্রাচ্যের দেশ ওমান। প্রস্তাবিত এ কর্মী নিয়োগের মধ্যে ৫ হাজার কৃষক এবং ৫ হাজার মৎস্যজীবী থাকবেন।
বুধবার (৯ সেপ্টেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামের সঙ্গে ওমানের একটি প্রতিনিধি দলের বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান প্রতিমন্ত্রী।
তিনি বলেন, ওমানের কৃষি মন্ত্রণালয়ের সঙ্গে বাংলাদেশের সরকারের এ বিষয়ে আলোচনা হয়েছে। সম্প্রতি দেশটির একটি প্রতিনিধি দল বাংলাদেশ সফর করেছে। আলোচনায় বাংলাদেশ থেকে মোট ১০ হাজার কর্মী নেওয়ার বিষয়ে সমঝোতা হয়েছে। এর মধ্যে ৫ হাজার কৃষক এবং সমসংখ্যক মৎস্যজীবী নেওয়ার কথা জানিয়েছে ওমান।
শামা ওবায়েদ ইসলাম বলেন, ‘ওমান আমাদের কাছ থেকে ৫ হাজার কৃষক ও ৫ হাজার মৎস্যজীবী নিতে চায়। সব মিলিয়ে ১০ হাজার কর্মী নেওয়ার বিষয়ে একটি চুক্তি হয়েছে।’
তিনি জানান, বিষয়টি আরও এগিয়ে নিতে আগামী মাসে ওমানের আরেকটি প্রতিনিধি দল বাংলাদেশে আসবে। প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনার পর কর্মী পাঠানোর প্রক্রিয়া চূড়ান্ত করা হবে।
এদিকে বাংলাদেশি নাগরিকদের জন্য ওমানের ভিসা পুনরায় চালুর বিষয়েও কূটনৈতিক তৎপরতা অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন প্রতিমন্ত্রী।
শামা ওবায়েদ ইসলাম বলেন, বিভিন্ন কারণে ওমানের ভিসা বর্তমানে বন্ধ রয়েছে। বাংলাদেশি নাগরিকদের নিয়মিতভাবে ওমানে যাওয়ার সুযোগ তৈরি করতে সরকার কূটনৈতিকভাবে চেষ্টা চালিয়ে যাচ্ছে।
তিনি আশা প্রকাশ করেন, চলমান কূটনৈতিক প্রচেষ্টার মাধ্যমে ওমানের শ্রমবাজারে বাংলাদেশি কর্মীদের জন্য নতুন সুযোগ তৈরি হবে।
নতুন করে ১০ হাজার কর্মী নেওয়ার উদ্যোগ বাস্তবায়িত হলে বাংলাদেশের কৃষি ও মৎস্য খাতের দক্ষ কর্মীদের জন্য ওমানে কর্মসংস্থানের একটি বড় সুযোগ তৈরি হতে পারে। একই সঙ্গে দীর্ঘদিন ধরে বন্ধ থাকা ভিসা কার্যক্রম স্বাভাবিক করার উদ্যোগ সফল হলে দেশটির শ্রমবাজারে বাংলাদেশি কর্মীদের অংশগ্রহণ আরও বাড়ার সম্ভাবনা রয়েছে।