ডোমিনিকান রিপাবলিকের জোহেইরি মোলা দোমিঙ্গেস জিতেছেন মিস ওয়ার্ল্ড ২০২৬-এর মুকুট। শনিবার (৫ সেপ্টেম্বর) ভিয়েতনামের নিয়া ট্রাং শহরে অনুষ্ঠিত গ্র্যান্ড ফিনালে ১১১ প্রতিযোগীকে পেছনে ফেলে সেরার মুকুট অর্জন করেন তিনি।
জোহেইরি এর আগে মিস ওয়ার্ল্ড ডোমিনিকান রিপাবলিক ২০২৫ খেতাব জয় করেছিলেন। সেই সাফল্যের সুবাদেই আন্তর্জাতিক মঞ্চে দেশের প্রতিনিধিত্ব করার সুযোগ পান তিনি।
মডেলিং ও ফ্যাশন অঙ্গনে পরিচিত মুখ জোহেইরি পেশাগত জীবনে শিক্ষক, সাংবাদিক ও সমাজকর্মী হিসেবেও কাজ করেছেন। সৌন্দর্য প্রতিযোগিতার পাশাপাশি সামাজিক বিভিন্ন কর্মকাণ্ডেও তাঁর সম্পৃক্ততা রয়েছে।
প্রতিযোগিতার চূড়ান্ত পর্বে জোহেইরির মাথায় নীল মুকুট পরিয়ে দেন ২০২৫ সালের মিস ওয়ার্ল্ড থাইল্যান্ডের ওপাল সুচাতা চুয়াংস্রি।
মিস ওয়ার্ল্ডের দায়িত্ব হিসেবে এখন আন্তর্জাতিক বিভিন্ন জনকল্যাণমূলক কার্যক্রমে অংশ নেবেন জোহেইরি। একই সঙ্গে বিশ্বজুড়ে সংস্থাটির ‘বিউটি উইথ আ পারপাস’ উদ্যোগের প্রচারে কাজ করবেন তিনি।
এবারের প্রতিযোগিতায় প্রথম রানারআপ হয়েছেন স্পেনের এলিসাবেথ রেইনেস। দ্বিতীয় রানারআপের খেতাব পেয়েছেন মালয়েশিয়ার তানুসিয়া চেট্টি।