সিডনির দূর প্রবাসে হঠাৎ যেন এক টুকরো বাংলাদেশ। মাতৃভূমি থেকে হাজার মাইল দূরে থেকেও দেশের তারকাদের দেখা মিললে আবেগটা যে অন্যরকম—তাসকিন আহমেদ ও শাবনূরের সাক্ষাতে যেন ফুটে উঠল সেই অনুভূতিই। ক্রিকেট আর চলচ্চিত্রের দুই জনপ্রিয় মুখের এই আন্তরিক দেখা-সাক্ষাৎ গড়াল পারিবারিক আড্ডা ও বারবিকিউ পার্টিতে। প্রবাসের মাটিতে দেশের দুই প্রিয় তারকাকে একসঙ্গে পেয়ে তৈরি হলো আনন্দঘন এক মুহূর্ত, যা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়তেই ভক্তদের মনেও ছুঁয়ে গেছে।
বর্তমানে ছেলে ও পরিবারের সদস্যদের নিয়ে অস্ট্রেলিয়ায় অবস্থান করছেন শাবনূর। সিডনিতে বসবাসরত তার ভাইয়ের বাসায় সম্প্রতি অতিথি হয়ে যান তাসকিন আহমেদ। সেখানে পরিবারের সদস্যদের সঙ্গে সময় কাটান এই ক্রিকেট তারকা।
ঘরোয়া সেই আয়োজনের কিছু মুহূর্ত সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেছেন শাবনূর ও তাসকিন দুজনেই। তাসকিনের সঙ্গে ছবি তুলে উচ্ছ্বাস প্রকাশ করেছেন ঢাকাই সিনেমার জনপ্রিয় এই অভিনেত্রী।
শাবনূর এক পোস্টে জানান, ভাইয়ের বাসায় পরিবারের সঙ্গে তাসকিন আহমেদের বারবিকিউ পার্টিতে দারুণ সময় কেটেছে তাদের। একই সঙ্গে তাসকিন ও তার পরিবারের প্রতি কৃতজ্ঞতাও প্রকাশ করেন তিনি।
বাংলাদেশের ক্রিকেটে তাসকিনের অবদানের প্রশংসা করে শাবনূর তাকে দেশের গর্ব হিসেবে উল্লেখ করেছেন। ভবিষ্যতে আরও সাফল্য অর্জনের জন্যও শুভকামনা জানিয়েছেন এই অভিনেত্রী।
অন্যদিকে তাসকিনও শাবনূরকে ‘আপু’ সম্বোধন করে সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের আনন্দের কথা জানিয়েছেন।
ক্রিকেট ও চলচ্চিত্রের দুই জনপ্রিয় তারকার এই পারিবারিক আড্ডার ছবি প্রকাশ্যে আসতেই তা নিয়ে ভক্তদের মধ্যেও তৈরি হয়েছে বেশ আগ্রহ।