তৌসিফে কেন এত মুগ্ধ বর্ণিতা?

বিনোদন ডেস্ক

বিনোদন

‘লাক্স সুপারস্টার’ বিদুষী বর্ণিতার অভিনয়জীবনের প্রথম সহশিল্পী তৌসিফ মাহবুব। প্রথম কাজেই অভিজ্ঞ এই অভিনেতার সঙ্গে কাজের সুযোগ পেয়ে বেশ উচ্ছ্বসিত

2026-09-04T20:58:46+00:00
2026-09-04T20:58:46+00:00
  শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬,
২১ ভাদ্র ১৪৩৩
 
শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬
বিনোদন
তৌসিফে কেন এত মুগ্ধ বর্ণিতা?
বিনোদন ডেস্ক
শুক্রবার, ৪ সেপ্টেম্বর, ২০২৬, ৮:৫৮ পিএম 
সংগৃহীত ছবি
‘লাক্স সুপারস্টার’ বিদুষী বর্ণিতার অভিনয়জীবনের প্রথম সহশিল্পী তৌসিফ মাহবুব। প্রথম কাজেই অভিজ্ঞ এই অভিনেতার সঙ্গে কাজের সুযোগ পেয়ে বেশ উচ্ছ্বসিত এই নবাগত অভিনেত্রী। শুটিংয়ের অভিজ্ঞতা থেকে তৌসিফের অভিনয়ের পাশাপাশি তাঁর আন্তরিকতা ও মানবিকতারও প্রশংসা করেছেন বর্ণিতা।

শিহাব শাহীন পরিচালিত ওয়েব ফিল্ম ‘ক্যাফে আমব্রেলা’-তে প্রথমবারের মতো জুটি বেঁধেছেন তৌসিফ মাহবুব ও বর্ণিতা। সম্প্রতি কক্সবাজার বিমানবন্দর ও সমুদ্রসৈকতে শেষ হয়েছে সিনেমাটির শুটিং। শেষ দিনের শুটিংয়েও অংশ নেন দুজন।

শুটিং শেষে বর্ণিতা বলেন, সব মিলিয়ে ‘ক্যাফে আমব্রেলা’ তাঁর জন্য চমৎকার একটি অভিজ্ঞতা। কক্সবাজারে শেষ দিনের শুটিংয়ে বৃষ্টির মধ্যেও কাজটি উপভোগ করেছেন তিনি।

তৌসিফ মাহবুবের সঙ্গে কাজের অভিজ্ঞতা প্রসঙ্গে বর্ণিতা বলেন, ‘তৌসিফ ভাইয়া অনেক আন্তরিক, অনেক সহযোগিতাপরায়ণ। তাকে নিয়ে বলতে থাকলে শেষ হবে না। উনি মানুষ হিসেবে খুবই পিওর, জেনুইন অ্যান্ড ভেরি কাইন্ড।’

বর্ণিতার ভাষ্য, শুধু অভিনয়ের দৃশ্যেই নয়, শুটিংয়ের বাইরেও তৌসিফ তাঁকে বিভিন্ন বিষয়ে পরামর্শ দিয়েছেন। নিজের অভিজ্ঞতা ভাগ করে নিয়ে নতুন হিসেবে তাঁর ভুল-ত্রুটি ধরিয়ে দিয়েছেন এবং কাজ শেখাতে সহযোগিতা করেছেন।

তৌসিফের মানবিকতার একটি ঘটনাও তুলে ধরেন বর্ণিতা। তাঁর দাবি, একবার একটি দৃশ্যের শুটিংয়ের সময় পায়ে আঘাত পেয়ে রক্তপাত হলেও বিষয়টি তিনি খেয়াল করেননি। তৌসিফ বিষয়টি দেখে শুটিং বন্ধ করে প্রোডাকশন বয়কে দিয়ে হেক্সিসল ও ব্যান্ডেজ আনান এবং তাঁর পায়ে ব্যান্ডেজ করান। পরে সেটে আবার দেখা হলে তৌসিফ তাঁর পায়ের অবস্থার খোঁজও নেন।

বর্ণিতা বলেন, ‘উনি ভীষণ ট্যালেন্টেড তো অবশ্যই, পাশাপাশি অনেক মানবিক। এই বিষয়টা আমার অনেক ভালো লেগেছে।’

অন্যদিকে বর্ণিতার প্রশংসায় সম্মানিত বোধ করছেন তৌসিফ মাহবুব। নতুন এই অভিনেত্রীর মধ্যে সম্ভাবনাও দেখছেন তিনি।

তৌসিফ বলেন, বর্ণিতা নতুন হলেও নিজেকে প্রমাণের জন্য অতিরিক্ত কিছু করার চেষ্টা করেননি। বরং মনোযোগ দিয়ে কাজ করেছেন, নির্দেশনা বুঝেছেন এবং দ্রুত নিজেকে চরিত্রের সঙ্গে মানিয়ে নিয়েছেন।

বর্ণিতার স্বাভাবিক স্ক্রিন প্রেজেন্সেরও প্রশংসা করেন তৌসিফ। তাঁর মতে, ক্যামেরার সামনে দাঁড়িয়ে দর্শকের সঙ্গে সংযোগ তৈরি করার সক্ষমতা সহজে শেখানো যায় না; বর্ণিতার মধ্যে সেই গুণ রয়েছে।

তৌসিফের বিশ্বাস, ‘ক্যাফে আমব্রেলা’ দর্শকদের বর্ণিতাকে নতুনভাবে চিনতে সাহায্য করবে এবং এটি তাঁর অভিনয়জীবনের কেবল শুরু। সামনে আরও ভালো কাজ করার সম্ভাবনা রয়েছে এই অভিনেত্রীর।

সবকিছু ঠিক থাকলে শিগগিরই ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনে মুক্তি পাওয়ার কথা রয়েছে ‘ক্যাফে আমব্রেলা’।


Loading...
Loading...

বিনোদন- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: