বগুড়ার শেরপুরে ঢাকা-বগুড়া মহাসড়কে চাকা মেরামতের সময় কাঠের জগ সরে গিয়ে ট্রাকের নিচে চাপা পড়ে তিনজন নিহত হয়েছেন। মঙ্গলবার দিবাগত রাত আনুমানিক ১টার দিকে উপজেলার মহিপুর বাজার ফায়ার সার্ভিস সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় পাওয়া যায়নি। তবে তাঁরা ওই ট্রাকের চালক, হেলপার ও মেকানিক বলে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, কাঠবোঝাই একটি মিনি ট্রাকের পেছনের চাকা নষ্ট হয়ে গেলে মহাসড়কের ওপরই সেটি কাঠের জগ দিয়ে উঁচু করে মেরামতের কাজ করছিলেন চালক, হেলপার ও মেকানিক। মেরামতের একপর্যায়ে হঠাৎ জগটি সরে যায়। এতে কাঠবোঝাই ভারী ট্রাকটি নিচে থাকা তিনজনের ওপর পড়ে যায়। ঘটনাস্থলেই তাঁদের মৃত্যু হয়।
খবর পেয়ে শেরপুর ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করেন। পরে তাঁরা তিনজনের মরদেহ উদ্ধার করে শেরপুর হাইওয়ে থানা-পুলিশের কাছে হস্তান্তর করেন।
এ বিষয়ে শেরপুর হাইওয়ে পুলিশ ক্যাম্পের ইনচার্জ আইয়ুব আলী জানান, দুর্ঘটনায় নিহত তিনজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহগুলো স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।