মেয়াদোত্তীর্ণ গুঁড়া দুধের প্যাকেটে তারিখ পরিবর্তন করে বিক্রির জন্য সংরক্ষণ, অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য উৎপাদন এবং অনুমোদন ছাড়াই বিএসটিআইয়ের লোগো ব্যবহারের অভিযোগে চট্টগ্রামের একটি ডেইরি প্রতিষ্ঠানকে সাড়ে ৪ লাখ টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
রবিবার (৩০ আগস্ট) চট্টগ্রাম মহানগরের আগ্রাবাদ এলাকায় অভিযান চালিয়ে চিটাগং ডেইরি ফুড ইন্ডাস্ট্রিজ নামের প্রতিষ্ঠানটিকে ৪ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে জনস্বার্থে প্রতিষ্ঠানটির কার্যক্রম সাময়িকভাবে বন্ধ করে সিলগালা করে দেওয়া হয়েছে।
অভিযান পরিচালনা করে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়।
অভিযান সংশ্লিষ্টরা জানান, প্রতিষ্ঠানটির বাজারজাত করা ‘ডোনা ইনস্ট্যান্ট ফুল ক্রিম মিল্ক পাউডার’ পণ্যের মোড়কে বিএসটিআইয়ের লোগো ব্যবহার করা হচ্ছিল। তবে ওই পণ্যের বিএসটিআই অনুমোদন নেই বলে অভিযানে প্রমাণ পাওয়া যায়।
এ ছাড়া প্রতিষ্ঠানের উৎপাদন ও সংরক্ষণস্থলে অস্বাস্থ্যকর পরিবেশ দেখতে পান কর্মকর্তারা। সংরক্ষণাগারে পোকামাকড়ের উপস্থিতিও পাওয়া যায়।
সবচেয়ে গুরুতর অনিয়ম হিসেবে মেয়াদোত্তীর্ণ গুঁড়া দুধের প্যাকেটের তারিখ পরিবর্তন করে মেয়াদ বাড়ানোর প্রমাণ পাওয়া গেছে বলে জানিয়েছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এসব পণ্য পুনরায় বাজারজাতের উদ্দেশ্যে সংরক্ষণ করা হচ্ছিল।
এ ধরনের অনিয়মের কারণে প্রতিষ্ঠানটিকে ৪ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। পাশাপাশি জনস্বার্থে প্রতিষ্ঠানটির কার্যক্রম সাময়িকভাবে বন্ধ রেখে সিলগালা করা হয়েছে।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের উপপরিচালক ফয়েজ উল্ল্যাহ বলেন, ভোক্তাদের স্বাস্থ্য ও নিরাপত্তা নিয়ে কোনো ধরনের অনিয়ম বরদাশত করা হবে না।
তিনি বলেন, বিশেষ করে খাদ্যপণ্যের মেয়াদ পরিবর্তন, ভেজাল এবং অনুমোদন ছাড়া বিভিন্ন প্রতিষ্ঠানের লোগো ব্যবহার গুরুতর অপরাধ। জনস্বার্থে এ ধরনের অভিযান নিয়মিত পরিচালনা করা হবে। অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
নিরাপদ খাদ্য ও মানসম্মত পণ্য নিশ্চিত করতে ব্যবসায়ীদেরও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানান তিনি।