
আনসার ও ভিডিপি সূত্রে জানা যায়, স্থানীয় হাবিবুর রহমানের ১৫ বছর বয়সী মেয়ের সঙ্গে ঝিকরগাছা উপজেলার দৌলতপুর গ্রামের কাদের আলীর ছেলে প্রবাসী মো. হাসান আলীর বিয়ের আয়োজন করা হয়েছিল। খবর পেয়ে কুলটিয়া ইউনিয়নের দলনেতা মো. রবিউল ইসলামের নেতৃত্বে ৮-১০ জন আনসার-ভিডিপি সদস্য ঘটনাস্থলে গিয়ে বিয়ের আয়োজন বন্ধ করেন।
এ সময় তারা উভয় পক্ষের অভিভাবকদের সঙ্গে কথা বলে বাল্যবিবাহের আইনগত পরিণতি এবং অপ্রাপ্তবয়স্ক অবস্থায় বিয়ের ক্ষতিকর দিক সম্পর্কে জানান। পরে অভিভাবকেরা বিয়ে বন্ধ করতে সম্মত হন।
পরে মেয়ের বয়স ১৮ বছর পূর্ণ হওয়ার আগে তাকে বিয়ে দেওয়া হবে না—এ মর্মে পরিবারের পক্ষ থেকে লিখিত অঙ্গীকার ও মুচলেকা দেওয়া হয়।
ঘটনার বিষয়টি মনিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানানো হলে তিনি আনসার-ভিডিপি সদস্যদের তাৎক্ষণিক উদ্যোগের প্রশংসা করেন।