
বুয়েটের সেন্টার ফর এনভায়রনমেন্টাল অ্যান্ড রিসোর্স ম্যানেজমেন্ট (সিইআরএম) ও টাফটস ইউনিভার্সিটির যৌথ আয়োজনে এবং যুক্তরাষ্ট্রের ন্যাশনাল সায়েন্স ফাউন্ডেশনের অর্থায়নে কর্মশালাটি ২৫ আগস্ট শুরু হয়। ২৭ আগস্ট সন্ধ্যায় রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে অনুষ্ঠিত হয় এর সমাপনী অনুষ্ঠান।
সমাপনী অনুষ্ঠানে দেশ-বিদেশের শিক্ষাবিদ, গবেষক ও নীতিনির্ধারকরা অংশ নেন। উপস্থিত ছিলেন টাফটস ইউনিভার্সিটির অধ্যাপক ড. শফিকুল ইসলাম, বুয়েটের সিইআরএমের পরিচালক অধ্যাপক ড. শেখ মোখলেসুর রহমান, অধ্যাপক ড. সোহরাব হোসেন, সহযোগী অধ্যাপক ড. আমান উদ্দিন এবং পানিসম্পদ বিশেষজ্ঞ প্রফেসর এমিরেটাস ড. আইনুন নিশাত। এ ছাড়া পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালকসহ বিভিন্ন পর্যায়ের বিশিষ্ট ব্যক্তিরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
সমাপনী অনুষ্ঠানে বক্তারা বিজ্ঞান ও প্রকৌশল কূটনীতির প্রসারে প্রাতিষ্ঠানিক অংশীদারিত্ব বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন। তাঁরা বলেন, জলবায়ু পরিবর্তন, জ্বালানি নিরাপত্তা ও সাইবার নিরাপত্তার মতো ভবিষ্যৎ চ্যালেঞ্জ মোকাবিলায় প্রকৌশল ও কূটনীতির সমন্বিত উদ্যোগ বাংলাদেশের সক্ষমতা আরও শক্তিশালী করতে পারে।