দুবাইয়ে চাকরির সুযোগ পাচ্ছেন আনসার-ভিডিপির ১০০ সদস্য

নিজস্ব প্রতিবেদক

বিবিধ

সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে কর্মসংস্থানের সুযোগ পাচ্ছেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ১০০ প্রশিক্ষিত সদস্য। দুবাইভিত্তিক প্রতিষ্ঠান ট্রান্সগার্ড গ্রুপ

2026-11-25T17:16:15+00:00
2026-11-25T17:16:15+00:00
  বুধবার, ২৫ নভেম্বর ২০২৬,
১১ অগ্রহায়ণ ১৪৩৩
 
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬
বিবিধ
দুবাইয়ে চাকরির সুযোগ পাচ্ছেন আনসার-ভিডিপির ১০০ সদস্য
নিজস্ব প্রতিবেদক
বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬, ৫:১৬ পিএম 
সংগৃহীত ছবি

সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে কর্মসংস্থানের সুযোগ পাচ্ছেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ১০০ প্রশিক্ষিত সদস্য। দুবাইভিত্তিক প্রতিষ্ঠান ট্রান্সগার্ড গ্রুপ এলএলসিতে নিয়োগের লক্ষ্যে ১৩৯ জন প্রার্থীর মধ্য থেকে কর্মী বাছাই কার্যক্রম শুরু হয়েছে। বুধবার (২৫ নভেম্বর) খিলগাঁওয়ে আনসার ও ভিডিপি সদর দপ্তরে এ কার্যক্রমের উদ্বোধন করেন বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ।

আনসার ও ভিডিপি ওয়েলফেয়ার ট্রাস্টের তত্ত্বাবধানে এবং ট্রান্সগার্ড গ্রুপ এলএলসি ও রিক্রুটিং এজেন্সি ম্যান ফোর্স বাংলাদেশের সমন্বয়ে এ নিয়োগপ্রক্রিয়া পরিচালিত হচ্ছে। এতে প্রার্থীদের কাগজপত্র যাচাই ও সংক্ষিপ্ত মৌখিক পরীক্ষা নেওয়া হবে। শাটারিং কার্পেন্টার, রাজমিস্ত্রি ও স্টিল ফিক্সার—এই তিন পেশায় কর্মী নির্বাচন করা হবে।

উদ্বোধনী অনুষ্ঠানে মহাপরিচালক বলেন, বৈদেশিক কর্মসংস্থানে অদক্ষ জনশক্তির পরিবর্তে প্রশিক্ষিত কর্মী পাঠানো বাহিনীর অন্যতম অগ্রাধিকার। ট্রান্সগার্ড গ্রুপের প্রায় পাঁচ হাজার কর্মীর চাহিদার বিপরীতে ৬০ দিনের নিবিড় প্রশিক্ষণ ও মূল্যায়নের মাধ্যমে প্রথম ধাপের কর্মী বাছাই করা হচ্ছে।

তিনি বলেন, প্রান্তিক জনগোষ্ঠীকে দালালচক্রের প্রতারণা ও আর্থিক ক্ষতি থেকে সুরক্ষা দিতে সরাসরি যোগাযোগ, ডিজিটাল ব্যবস্থাপনা ও প্রাতিষ্ঠানিক জবাবদিহির ভিত্তিতে নিয়োগপ্রক্রিয়া পরিচালনা করা হচ্ছে। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়, বাংলাদেশের বৈদেশিক মিশন এবং বিদেশি নিয়োগকারী প্রতিষ্ঠানের সঙ্গে সমন্বয় করে এ উদ্যোগ বাস্তবায়ন করা হচ্ছে। এতে মধ্যস্বত্বভোগীদের হস্তক্ষেপ ছাড়াই নিরাপদ ও মর্যাদাপূর্ণ অভিবাসনের সুযোগ তৈরি হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

মহাপরিচালক আরও জানান, বৈদেশিক কর্মসংস্থানের সুযোগ বাড়াতে সংযুক্ত আরব আমিরাত ও ইতালির রাষ্ট্রদূতসহ সংশ্লিষ্ট প্রতিনিধিদের সঙ্গে আলোচনা হয়েছে। প্রবাসীদের রেমিট্যান্স পাঠানো, ঋণের কিস্তি পরিশোধ এবং জরুরি সমস্যা সমাধানে বাহিনীর মাইগ্রেশন সেল, ওয়েলফেয়ার ট্রাস্ট, প্রান্তিক শক্তি লিমিটেড ও আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের সমন্বয়ে সেবা কাঠামো গড়ে তোলা হচ্ছে।

এ ছাড়া ওয়েলফেয়ার ট্রাস্টের সিআরএম সফটওয়্যার ও ‘ওয়ান সিঙ্গেল পয়েন্ট সার্ভিস’-এর মাধ্যমে নিবন্ধন থেকে শুরু করে বিদেশ গমন এবং প্রবাসে অবস্থানকালীন প্রয়োজনীয় সেবা দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। বিদেশে কর্মরত সদস্যদের পরিবারের নিরাপত্তা ও কল্যাণেও বাহিনীর প্রায় ৬০ লাখ সদস্যের নেটওয়ার্ক কাজে লাগানোর পরিকল্পনার কথা জানান তিনি।

বিদেশগামী সদস্যদের উদ্দেশে মহাপরিচালক বলেন, বিদেশের কর্মক্ষেত্রে প্রত্যেক সদস্য বাংলাদেশ আনসার ও ভিডিপি তথা দেশের ভাবমূর্তির প্রতিনিধিত্ব করবেন। তাই তাঁদের শৃঙ্খলা, সততা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করতে হবে এবং নিয়োগকারী প্রতিষ্ঠানের শর্ত মেনে চলতে হবে। কোনো সদস্যের অনিয়ম বা শৃঙ্খলাভঙ্গের কারণে বাহিনীর সুনাম ক্ষুণ্ন হলে কঠোর সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।

তিনি জানান, সারাদেশ থেকে বাছাই করা আরও প্রায় এক হাজার প্রশিক্ষিত সদস্য বৈদেশিক কর্মসংস্থানের অপেক্ষায় রয়েছেন। বর্তমান নির্বাচিত সদস্যরা কর্মক্ষেত্রে দক্ষতা ও সুনামের পরিচয় দিতে পারলে ভবিষ্যতে তাঁদের জন্য আন্তর্জাতিক শ্রমবাজারে আরও সুযোগ তৈরি হবে। এ ক্ষেত্রে বৈধ পথে রেমিট্যান্স পাঠানো এবং নির্ধারিত নিয়ম মেনে দেশে ফেরার ওপরও গুরুত্ব দেন তিনি।

দুবাইয়ের পাশাপাশি জাপান ও ইউরোপের শ্রমবাজারেও সদস্যদের কর্মসংস্থানের সুযোগ বাড়াতে কাজ চলছে বলে জানান মহাপরিচালক। জাপানের চাহিদা অনুযায়ী দক্ষ জনশক্তি তৈরির পাশাপাশি আইসিটি ও ভাষা শিক্ষায় দক্ষ সদস্যদের জন্য দেশটির বিশ্ববিদ্যালয় ও ভাষা শিক্ষাপ্রতিষ্ঠানের সঙ্গে সমঝোতা এবং স্পন্সরশিপের উদ্যোগ নেওয়া হয়েছে। ইউরোপের শ্রমবাজারে প্রবেশের ক্ষেত্রে আন্তর্জাতিক মানদণ্ড, কমপ্লায়েন্স ও শৃঙ্খলাবদ্ধ ব্যবস্থাপনার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।

বিদেশে যেতে অনিচ্ছুক বা অসমর্থ সদস্যদের স্থানীয় পর্যায়ে কর্মসংস্থান ও উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতেও উদ্যোগ নেওয়া হয়েছে। এ লক্ষ্যে ‘সঞ্জীবন প্রকল্পের’ আওতায় খামার, বায়োগ্যাস ও একক পণ্যভিত্তিক উদ্যোগ সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে।

অনুষ্ঠানে বাহিনীর অতিরিক্ত মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মামুনূর রশীদসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা, চাকরিপ্রার্থী সদস্য ও তাঁদের অভিভাবকেরা উপস্থিত ছিলেন।



Loading...
Loading...

বিবিধ- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: