যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে গর্ভপাতজনিত অতিরিক্ত রক্তক্ষরণে সংকটাপন্ন এক রোগীর জীবন বাঁচাতে স্বেচ্ছায় রক্ত দিয়েছেন অঙ্গীভূত আনসার সদস্য মো. আরিফুল ইসলাম।
শুক্রবার (২৮ আগস্ট) সকাল ১০টার দিকে মোছা. খাদিজা খাতুনকে গুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়। স্বজনদের জানান, চার মাসের গর্ভের সন্তান নষ্ট হওয়ার পর তাঁর অতিরিক্ত রক্তক্ষরণ শুরু হয়। এতে শারীরিক অবস্থার দ্রুত অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক জরুরি ভিত্তিতে রক্ত দেওয়ার পরামর্শ দেন।
হাসপাতালে প্রয়োজনীয় রক্তের ব্যবস্থা করতে না পেরে স্বজনরা যখন উদ্বিগ্ন হয়ে পড়েন, তখন বিষয়টি জানতে পারেন যশোর সদর ইউএনও গার্ডে কর্মরত আনসার সদস্য মো. আরিফুল ইসলাম। রোগীর জরুরি রক্তের প্রয়োজনের কথা জানতে পেরে তিনি স্বেচ্ছায় রক্ত দিতে এগিয়ে আসেন।
রোগীর স্বামী মো. সুলতান হোসেন বলেন, সংকটের মুহূর্তে যখন রক্তের ব্যবস্থা করা কঠিন হয়ে পড়েছিল, তখন কোনো পূর্বপরিচয় বা ব্যক্তিগত স্বার্থ ছাড়াই আনসার সদস্য আরিফুল এগিয়ে এসে রক্ত দিয়েছেন। তাঁর প্রতি আমরা গভীরভাবে কৃতজ্ঞ।
আরিফুল ইসলামের এই উদ্যোগ সংকটময় সময়ে মানুষের পাশে দাঁড়ানোর মানবিকতা ও কর্তব্যবোধের দৃষ্টান্ত হয়ে উঠেছে।