দীর্ঘ প্রায় ছয় মাস বন্ধ থাকার পর কুয়েত-ঢাকা রুটে আবারও সরাসরি ফ্লাইট চালু করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। শনিবার (২৯ আগস্ট) থেকে এ রুটে নিয়মিত ফ্লাইট চলাচল শুরু হয়েছে।
মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির কারণে গত ২৮ ফেব্রুয়ারি থেকে কুয়েত-ঢাকা রুটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সরাসরি ফ্লাইট বন্ধ ছিল। দীর্ঘ বিরতির পর ফ্লাইট চালু হওয়ায় কুয়েতপ্রবাসী বাংলাদেশিদের মধ্যে স্বস্তি ফিরেছে।
ফ্লাইট পুনরায় চালুর বিষয়টি নিশ্চিত করেছেন বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের কুয়েত কান্ট্রি ম্যানেজার এ কে এম ফরহাদ। কুয়েতে বাংলাদেশি সংবাদকর্মীদের সংগঠন বাংলাদেশ প্রেসক্লাব, কুয়েত আয়োজিত এক মতবিনিময় অনুষ্ঠানে তিনি এ তথ্য জানান।
দীর্ঘদিন সরাসরি ফ্লাইট বন্ধ থাকায় কুয়েত থেকে বাংলাদেশে আসা যাত্রীদের বিভিন্ন এয়ারলাইন্সের ওপর নির্ভর করতে হচ্ছিল। ফলে অনেককে বাড়তি ভাড়া দিয়ে দেশে ফিরতে হয়েছে। বিশেষ করে ছুটির মৌসুম ও জরুরি প্রয়োজনে দেশে আসতে চাওয়া প্রবাসীদের জন্য টিকিটের বাড়তি দাম বড় ভোগান্তির কারণ হয়ে দাঁড়িয়েছিল।
বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সরাসরি ফ্লাইট চালু হওয়ার পর কুয়েত-বাংলাদেশ রুটে অন্যান্য এয়ারলাইন্সের টিকিটের দামও কমতে শুরু করেছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন। এতে যাত্রীদের ওপর ভাড়া বৃদ্ধির চাপ কিছুটা কমেছে।
প্রবাসীরা আশা করছেন, বাংলাদেশ বিমানের ফ্লাইট নিয়মিত ও নির্বিঘ্নভাবে পরিচালিত হলে এ রুটে বিমান ভাড়া আরও সহনীয় পর্যায়ে আসবে। একই সঙ্গে সরাসরি দেশে ফেরার সুযোগ বাড়ায় সময় ও যাতায়াতের ভোগান্তিও কমবে।
প্রায় ছয় মাস পর কুয়েত-ঢাকা রুটে সরাসরি বিমান চলাচল পুনরায় শুরু হওয়াকে প্রবাসীদের জন্য স্বস্তির খবর হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।