জামায়াত দেশের রাজনীতিকে ঘোলাটে করে আওয়ামী লীগকে আবারও রাজনীতিতে ফেরানোর চেষ্টা করছে কি না, সে বিষয়ে সবাইকে সজাগ থাকার আহ্বান জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) প্রশাসক মো. আবদুস সালাম।
শুক্রবার (২৮ আগস্ট) সকালে রাজধানীর কামরাঙ্গীরচর লোহার ব্রিজ সংস্কার শেষে যান চলাচলের জন্য উন্মুক্তকরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
ডিএসসিসি প্রশাসক বলেন, বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর মাত্র ছয় মাস সময় পার করেছে। এত অল্প সময়ে বিদ্যুৎ ও গ্যাস সংকটের মতো দীর্ঘদিনের সমস্যার রাতারাতি সমাধান সম্ভব নয়। এসব সমস্যা সমাধানে সরকারের কিছুটা সময় প্রয়োজন।
তিনি বলেন, সরকারকে কাজ করার সুযোগ না দিয়ে ছয় মাসের মধ্যেই বিরোধী দল সরকারের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। এতে দেশের উন্নয়ন ও সরকারের কার্যক্রম বাধাগ্রস্ত হতে পারে।
আবদুস সালাম আরও বলেন, আগামী নির্বাচনে জনগণের ভোটের মাধ্যমেই সরকার পরিবর্তন হবে। বিএনপি আগামী পাঁচ বছরে দেশে সুশাসন, গণতন্ত্র ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় কাজ করবে বলেও মন্তব্য করেন তিনি।
গণতন্ত্র রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়ে তিনি বলেন, দেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে সবাইকে সতর্ক ও সজাগ থাকতে হবে।
এদিকে দীর্ঘদিন সংস্কারের অভাবে কামরাঙ্গীরচরের লোহার ব্রিজটি জরাজীর্ণ হয়ে পড়েছিল। ব্রিজের বিভিন্ন অংশে মরিচা ধরে বড় বড় গর্তের সৃষ্টি হওয়ায় পথচারীদের চলাচলে ঝুঁকি তৈরি হয়েছিল।
দক্ষিণ সিটি কর্পোরেশনের উদ্যোগে অগ্রাধিকার ভিত্তিতে ব্রিজটি সংস্কার করা হয়। সংস্কার শেষে শুক্রবার এটি চলাচলের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে।
সংশ্লিষ্টরা জানান, ব্রিজটি চালু হওয়ায় কামরাঙ্গীরচর এলাকার বিপুলসংখ্যক মানুষ উপকৃত হবেন। যানবাহন চলাচল না করলেও এখন থেকে স্থানীয় বাসিন্দারা নিরাপদে পায়ে হেঁটে ব্রিজটি ব্যবহার করতে পারবেন।