নোয়াখালীকে পৃথক বিভাগ ঘোষণার দাবিতে রাজধানীর শাহবাগ মোড়ে সড়ক অবরোধ করে অবস্থান নিয়েছেন আন্দোলনকারীরা। শুক্রবার (৪ সেপ্টেম্বর) বিকেল পৌনে ৪টার দিকে তারা শাহবাগে অবস্থান নেন। এতে গুরুত্বপূর্ণ এই সড়কে যান চলাচল বন্ধ হয়ে আশপাশের এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়।
এর আগে জুমার নামাজ শেষে বিকেল ৩টার দিকে চকবাজার চক মসজিদ থেকে মিছিল নিয়ে শাহবাগের উদ্দেশে রওনা হন আন্দোলনকারীরা। প্রায় ৪৫ মিনিট পর তারা শাহবাগে পৌঁছে সড়ক অবরোধ করে অবস্থান নেন।
অবস্থান কর্মসূচি থেকে নোয়াখালীকে দ্রুত পৃথক বিভাগ ঘোষণার দাবিতে বিভিন্ন স্লোগান দেন তারা। আন্দোলনকারীদের দাবি, দীর্ঘদিন ধরে চলে আসা এ দাবি দ্রুত বাস্তবায়ন করে নোয়াখালীকে পৃথক বিভাগ হিসেবে ঘোষণা করতে হবে।
আন্দোলনকারীরা বলেন, নোয়াখালীকে বিভাগ ঘোষণা করা হলে প্রশাসনিক কার্যক্রম আরও গতিশীল হবে। একই সঙ্গে বৃহত্তর নোয়াখালী অঞ্চলের মানুষের নাগরিক সেবা পাওয়ার সুযোগও বাড়বে।
এদিকে শাহবাগে সড়ক অবরোধের কারণে ওই পথে যান চলাচল বন্ধ হয়ে যায়। এর প্রভাব পড়ে আশপাশের সড়কগুলোতেও। ফলে তীব্র যানজটে পড়ে ভোগান্তিতে পড়েন সাধারণ যাত্রীরা।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে দায়িত্ব পালন করছেন। পুলিশ সদস্যরা জানিয়েছেন, তারা পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছেন। এ বিষয়ে পরে ঊর্ধ্বতন কর্মকর্তারা বক্তব্য দেবেন।