‘হাজার গাড়ির লংমার্চে কি গ্যাস-বিদ্যুৎ আসবে?’

ভোরের ডাক ডেস্ক

রাজধানী

গ্যাস-বিদ্যুৎ সংকটের সমাধান ‘আলাদীনের চেরাগের’ মতো রাতারাতি সম্ভব নয় বলে মন্তব্য করেছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক বীর মুক্তিযোদ্ধা

2026-09-05T20:48:10+00:00
2026-09-05T20:48:10+00:00
  রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬,
২২ ভাদ্র ১৪৩৩
 
রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬
রাজধানী
‘হাজার গাড়ির লংমার্চে কি গ্যাস-বিদ্যুৎ আসবে?’
ভোরের ডাক ডেস্ক
শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৬, ৮:৪৮ পিএম 
সংগৃহীত ছবি
গ্যাস-বিদ্যুৎ সংকটের সমাধান ‘আলাদীনের চেরাগের’ মতো রাতারাতি সম্ভব নয় বলে মন্তব্য করেছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম। সংকট নিয়ে চলমান লংমার্চের সমালোচনা করে তিনি প্রশ্ন তুলেছেন, ‘হাজার গাড়ি নিয়ে লংমার্চ করলেই কি গ্যাস-বিদ্যুৎ আসবে?’

শনিবার (৫ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর কামরাঙ্গীরচরের আশরাফাবাদ উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে ডিএসসিসি ও বিদ্যানন্দ ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে আয়োজিত ‘বর্জ্যের বিনিময়ে বাজার’ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আবদুস সালাম বলেন, বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর মাত্র ছয় মাস পার হয়েছে। দীর্ঘদিনের সংকট সমাধানে সরকারকে সময় দিতে হবে।

তিনি দাবি করেন, গত ১৭ বছরে দেশে নতুন কোনো গ্যাসকূপ খনন করা হয়নি। একই সঙ্গে দেশের ব্যাংকগুলো লুট না হলে প্রধানমন্ত্রী তারেক রহমান অনায়াসে গ্যাস আমদানি করতে পারতেন বলেও মন্তব্য করেন তিনি।

লংমার্চ নিয়ে প্রশ্ন

গ্যাস ও বিদ্যুৎ সংকটকে কেন্দ্র করে আন্দোলনের প্রসঙ্গ টেনে ডিএসসিসি প্রশাসক বলেন, এক হাজার গাড়ি নিয়ে লংমার্চ করলেই সংকটের সমাধান হবে না। বরং এ ধরনের কর্মসূচিতে বিপুল পরিমাণ পেট্রোলের অপচয় হচ্ছে বলে মন্তব্য করেন তিনি।

তিনি বলেন, দেশপ্রেমের পরিচয় দিতে হলে অপচয় বন্ধ করতে হবে এবং সংকট মোকাবিলায় সরকারকে সহযোগিতা করতে হবে।

আবদুস সালাম আরও বলেন, বিএনপি দেশের মানুষের জন্য কাজ করে বলেই একটি গোষ্ঠী দলটির জনপ্রিয়তাকে ভয় পায়।

পরিচ্ছন্নতা নিয়েও কথা

ঢাকার পরিচ্ছন্নতা প্রসঙ্গে ডিএসসিসি প্রশাসক বলেন, রাজধানীর আশপাশে বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা রক্ষায় সিটি করপোরেশন নিয়মিত কাজ করছে। তবে এসব উদ্যোগ নিয়ে কাউকে লংমার্চ করতে দেখা যায় না বলেও মন্তব্য করেন তিনি।

অনুষ্ঠানে ‘বর্জ্যের বিনিময়ে বাজার’ কর্মসূচির আওতায় স্থানীয় বাসিন্দারা প্লাস্টিক বর্জ্য জমা দিয়ে চাল, ডালসহ বিভিন্ন নিত্যপ্রয়োজনীয় পণ্য সংগ্রহের সুযোগ পাবেন। সংগৃহীত প্লাস্টিক পুনর্ব্যবহারের মাধ্যমে পাওয়া অর্থ প্রান্তিক মানুষের খাদ্য সহায়তায় ব্যয় করবে বিদ্যানন্দ ফাউন্ডেশন।

বিভিন্ন এলাকায় ছড়িয়ে দেওয়ার পরিকল্পনা

আবদুস সালাম জানান, পর্যায়ক্রমে ডিএসসিসির বিভিন্ন এলাকায় এ কর্মসূচি সম্প্রসারণ করা হবে। গুলিস্তানে স্থায়ী স্টল চালুর পাশাপাশি প্রতিটি ওয়ার্ডে উদ্যোগটি ছড়িয়ে দেওয়ার পরিকল্পনা রয়েছে।

এ ছাড়া বর্জ্য স্থানান্তর কেন্দ্রে পথশিশুদের জন্য ‘বই পড়ার বিনিময়ে খাবার’ কর্মসূচি চালুর পরিকল্পনার কথাও জানান তিনি।

অনুষ্ঠানে ঢাকা-৭ আসনের সংসদ সদস্য হামিদুর রহমান, বিদ্যানন্দ ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক জামাল উদ্দিনসহ ডিএসসিসি ও বিদ্যানন্দ ফাউন্ডেশনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বিদ্যানন্দ ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক জামাল উদ্দিন জানান, আগামী এক বছরে ১০০টি ভ্রাম্যমাণ ক্যাম্পেইনের মাধ্যমে এক লাখ কেজি প্লাস্টিক বর্জ্য সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।


Loading...
Loading...

রাজধানী- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: