দুবাই থেকে চট্টগ্রাম হয়ে ঢাকাগামী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট থেকে ১৪ কেজি ৪ গ্রাম স্বর্ণ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় সজিব নামে বিমানের এক টেকনিক্যাল হেলপারকে আটক করা হয়েছে।
শনিবার (৫ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে আটক করা হয়। বিমানের পরিচালক (নিরাপত্তা) মেজর ফারহান তানভির বিষয়টি নিশ্চিত করেছেন।
বিমানের নিরাপত্তা বিভাগের কর্মকর্তারা জানান, গোপন সংবাদের ভিত্তিতে ফ্লাইটটিতে স্বর্ণ পাচারের সম্ভাবনার তথ্য পাওয়ার পর নজরদারি জোরদার করা হয়। একপর্যায়ে ফ্লাইটের যাত্রীরা বিমান থেকে নামার সময় নিরাপত্তাকর্মীদের দেখে সজিব দৌড়ে পালানোর চেষ্টা করেন।
পরে নিরাপত্তাকর্মীরা ধাওয়া করে তাকে আটক করেন। জিজ্ঞাসাবাদের একপর্যায়ে তার দেখানো তথ্য অনুযায়ী ফ্লাইটের ভেতর থেকে ১৪ কেজি ৪ গ্রাম স্বর্ণ উদ্ধার করা হয়।
বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের পরিচালক (নিরাপত্তা) মেজর ফারহান তানভির বলেন, এ ঘটনায় এখনো মামলা হয়নি। আটক ব্যক্তিকে উদ্ধার করা স্বর্ণসহ কাস্টমস কর্তৃপক্ষের হেফাজতে রাখা হয়েছে।
ঘটনার পর স্বর্ণের উৎস ও পাচারের সঙ্গে আরও কেউ জড়িত কি না, তা খতিয়ে দেখছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।