ছাতকের দুই নৌকাঘাট যেন ময়লার ভাগাড়!

ছাতক (সুনামগঞ্জ) সংবাদদাতা

সারাদেশ

সুনামগঞ্জের ছাতক শহরের গুরুত্বপূর্ণ মাছবাজার ও কলাহাটা নৌকাঘাট দীর্ঘদিনের অপরিচ্ছন্নতায় ময়লার ভাগাড়ে পরিণত হয়েছে। ময়লা-আবর্জনা, জরাজীর্ণ পাবলিক টয়লেট ও প্রকাশ্যে

2026-08-19T20:20:54+00:00
2026-08-19T20:20:54+00:00
  বুধবার, ১৯ আগস্ট ২০২৬,
৪ ভাদ্র ১৪৩৩
 
বুধবার, ১৯ আগস্ট ২০২৬
সারাদেশ
ছাতকের দুই নৌকাঘাট যেন ময়লার ভাগাড়!
ছাতক (সুনামগঞ্জ) সংবাদদাতা
বুধবার, ১৯ আগস্ট, ২০২৬, ৮:২০ পিএম 
সংগৃহীত ছবি
সুনামগঞ্জের ছাতক শহরের গুরুত্বপূর্ণ মাছবাজার ও কলাহাটা নৌকাঘাট দীর্ঘদিনের অপরিচ্ছন্নতায় ময়লার ভাগাড়ে পরিণত হয়েছে। ময়লা-আবর্জনা, জরাজীর্ণ পাবলিক টয়লেট ও প্রকাশ্যে প্রস্রাবের কারণে এসব এলাকায় ছড়াচ্ছে তীব্র দুর্গন্ধ। এতে প্রতিদিন নৌকাঘাট ব্যবহারকারী নারী, শিশু, বয়স্কসহ সাধারণ যাত্রীরা চরম ভোগান্তিতে পড়ছেন।

স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে ঘাট দুটির পরিষ্কার-পরিচ্ছন্নতা ও রক্ষণাবেক্ষণে কার্যকর উদ্যোগ নেই। ফলে গুরুত্বপূর্ণ এ যাতায়াতকেন্দ্র দুটির পরিবেশ দিন দিন আরও নাজুক হয়ে উঠছে।

ছাতকের ইসলামপুর ইউনিয়নের কাজিরগাঁও, বনগাঁও, লুভিয়া, শরীফনগর এবং দোয়ারাবাজার উপজেলার নরসিংপুর ইউনিয়নের সোনাপুর, নরসিংপুর, নাছিমপুর, পূর্ব সেনাপুরসহ সীমান্তবর্তী বিভিন্ন গ্রামের শত শত মানুষ প্রতিদিন এসব ঘাট দিয়ে নৌপথে ছাতক বাজারে যাতায়াত করেন। পাশাপাশি সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ইচাকলস, আমবাড়িসহ কয়েকটি এলাকার মানুষও ঘাটগুলো ব্যবহার করেন।

সরেজমিনে দেখা যায়, মাছবাজারসংলগ্ন এলাকায় ছড়িয়ে-ছিটিয়ে রয়েছে ময়লা-আবর্জনা। পাবলিক টয়লেটটির অবস্থাও জরাজীর্ণ। টয়লেটের আশপাশে প্রকাশ্যে প্রস্রাব করায় পুরো এলাকায় তীব্র দুর্গন্ধ ছড়িয়ে পড়েছে। এতে নারী ও শিশুদের সবচেয়ে বেশি অস্বস্তিকর পরিস্থিতির মুখোমুখি হতে হচ্ছে।

স্থানীয়রা জানান, নৌকাঘাটগুলো তাঁদের জন্য সহজ ও গুরুত্বপূর্ণ যাতায়াতের মাধ্যম। কিন্তু ঘাটের আশপাশের নোংরা পরিবেশের কারণে প্রতিদিনই দুর্ভোগ পোহাতে হচ্ছে। বিশেষ করে নারী ও শিশুদের নিয়ে ঘাটে আসা-যাওয়া অত্যন্ত বিব্রতকর হয়ে উঠেছে।

মাছবাজারের পাশের পাবলিক টয়লেটটি দীর্ঘদিন সংস্কার না হওয়ায় বর্তমানে অনেকটাই ব্যবহারের অনুপযোগী। অপরিচ্ছন্নতা, দুর্গন্ধ ও অবকাঠামোগত সমস্যার কারণে সাধারণ মানুষ এটি ব্যবহার করতে অনাগ্রহী। ফলে আশপাশে প্রকাশ্যে প্রস্রাবের প্রবণতাও বাড়ছে বলে অভিযোগ স্থানীয়দের।

সচেতন মহলের দাবি, মাছবাজারের পাবলিক টয়লেটটি দ্রুত সংস্কার ও আধুনিকায়নের পাশাপাশি প্রয়োজন অনুযায়ী আরও পাবলিক টয়লেট নির্মাণ করতে হবে। একই সঙ্গে প্রকাশ্যে প্রস্রাব বন্ধে কার্যকর ব্যবস্থা এবং ঘাট এলাকায় নিয়মিত পরিচ্ছন্নতা ও জীবাণুনাশক কার্যক্রম চালানো জরুরি।

শহরের আরেক গুরুত্বপূর্ণ কলাহাটা নৌকাঘাটের পরিবেশও দীর্ঘদিন ধরে অপরিচ্ছন্ন। স্থানীয়দের ভাষ্য, এটি শুধু নৌযাত্রীদের যাতায়াতের স্থান নয়, গুরুত্বপূর্ণ একটি বাণিজ্যিক এলাকাও। প্রতিদিন শত শত মানুষের চলাচল থাকলেও ঘাটের পরিচ্ছন্নতা ও অবকাঠামো উন্নয়নে যথেষ্ট নজর নেই।

এ ছাড়া ঘাটের পাশের সড়কের অবস্থাও নাজুক বলে অভিযোগ করেছেন স্থানীয়রা। তাঁদের দাবি, দ্রুত সড়ক সংস্কার, ঘাট পরিষ্কার এবং আধুনিক সুযোগ-সুবিধা নিশ্চিত করা হলে যাত্রীদের দুর্ভোগ অনেকটাই কমবে।

স্থানীয় সচেতন মহল বলছে, জনগুরুত্বপূর্ণ নৌকাঘাটের পাশে এমন অস্বাস্থ্যকর ও দুর্গন্ধময় পরিবেশ কোনোভাবেই কাম্য নয়। নারী ও শিশুদের নিরাপদ ও স্বস্তিদায়ক চলাচলের বিষয়টি বিবেচনায় নিয়ে দ্রুত ব্যবস্থা নেওয়া প্রয়োজন।

এ বিষয়ে ছাতক উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মহিউদ্দিন বলেন, বাজারের ব্যবসায়ীসহ সব নাগরিককে পরিচ্ছন্নতার বিষয়ে সচেতন হতে হবে।

তিনি বলেন, “ময়লা-আবর্জনা দূর করতে বাজারের ব্যবসায়ীদের সঙ্গে বসে আলোচনা করে ঘাটের পরিবেশ সুন্দর করার উদ্যোগ নেওয়া হচ্ছে। পাবলিক টয়লেটটি জনসাধারণের ব্যবহার উপযোগী করতেও শিগগিরই ব্যবস্থা নেওয়া হবে।”

স্থানীয়দের প্রত্যাশা, শুধু আশ্বাস নয়, দ্রুত বাস্তব পদক্ষেপের মাধ্যমে মাছবাজার ও কলাহাটা নৌকাঘাটকে পরিচ্ছন্ন, স্বাস্থ্যকর ও নিরাপদ যাতায়াতকেন্দ্রে পরিণত করা হবে।


Loading...
Loading...

সারাদেশ- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: