চট্টগ্রাম নগরের আগ্রাবাদে ভেজাল মার্জারিন উৎপাদনের অভিযোগে একটি কারখানার মালিকপক্ষকে ৪ লাখ টাকা জরিমানা করেছে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ। বুধবার (১৯ আগস্ট) সুলতান কলোনি এলাকায় ‘কোয়ালিটি ফুড প্রোডাক্টস লিমিটেড’ নামের প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুমা আক্তার কণা। অভিযানে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের মেট্রোপলিটন কার্যালয়, চট্টগ্রামের কর্মকর্তা-কর্মচারীদের পাশাপাশি ডবলমুরিং থানা, সিএমপির একটি দল সহযোগিতা করে।
অভিযান সংশ্লিষ্টরা জানান, কারখানাটিতে মার্জারিন উৎপাদনের জন্য প্রয়োজনীয় নিবন্ধন না থাকা এবং নিরাপদ খাদ্য ব্যবস্থাপনায় বিভিন্ন ধরনের ঘাটতি পাওয়া গেছে। পাশাপাশি অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য উৎপাদনের বিষয়টিও ধরা পড়ে।
নিরাপদ খাদ্য কর্মকর্তা ফারহানুর রহমান বলেন, কারখানাটিতে অনিবন্ধিতভাবে মার্জারিন উৎপাদনসহ বেশ কিছু অনিয়ম পাওয়া গেছে। অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য উৎপাদন ভোক্তাদের জন্য মারাত্মক স্বাস্থ্যঝুঁকি তৈরি করতে পারে।
অভিযান শেষে নিরাপদ খাদ্য আইন, ২০১৩-এর ৩৩ ও ৩৯ ধারায় প্রতিষ্ঠানটির মালিকপক্ষকে ৪ লাখ টাকা জরিমানা করা হয়। পরে জরিমানার অর্থ তাৎক্ষণিকভাবে আদায় করা হয়েছে।
নিরাপদ খাদ্য কর্মকর্তা ফারহানুর রহমান আরও বলেন, ভোক্তাদের জন্য নিরাপদ খাদ্য নিশ্চিত করতে অনিয়মকারী প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে অভিযান ও আইনগত ব্যবস্থা অব্যাহত থাকবে।