যশোরের শার্শায় ১১ বছরের তৃতীয় শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগে মকছেদ আলী (৫৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার ভোরে উপজেলার মহিষা গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে আদালতে পাঠানো হয়েছে।
গ্রেপ্তার মকছেদ আলী শার্শা উপজেলার কায়বা ইউনিয়নের মহিষা (মোল্লাপাড়া) গ্রামের মৃত কোরবান আলী মোড়লের ছেলে। তিনি ভুক্তভোগী শিশুটির প্রতিবেশী এবং তাকে চাচা বলে ডাকত বলে জানিয়েছে পরিবার।
পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ১২ আগস্ট বিকেলে শিশুটি খেলাধুলা করতে বের হলে মকছেদ আলী তাকে টাকার প্রলোভন দেখিয়ে মহিষা গ্রামের একটি ঘেরের পাড়ে নিয়ে যায়। সেখানে শিশুটির ওপর যৌন নির্যাতন করা হয় বলে অভিযোগ করা হয়েছে। পরে বিষয়টি কাউকে না বলার জন্য শিশুটিকে টাকা দিয়ে বাড়ি পাঠিয়ে দেওয়া হয়।
ঘটনার পর ভয়ে শিশুটি বিষয়টি কাউকে জানায়নি। পরে অসুস্থ হয়ে পড়লে প্রতিবেশী এক নারীর কাছে ঘটনাটি জানায়। ওই নারী শিশুটির বাবা-মাকে বিষয়টি অবহিত করেন।
এরপর বুধবার ভুক্তভোগীর বাবা শার্শা থানায় মামলা করেন। পুলিশ জানায়, মামলা হওয়ার পর তদন্ত কর্মকর্তা এসআই মোস্তাক আহামেদ তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে মকছেদ আলীকে গ্রেপ্তার করেন।
শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামিনুল হক গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, এজাহার পাওয়ার পর দ্রুত অভিযান চালিয়ে অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।
তিনি আরও জানান, ভুক্তভোগী শিশুর প্রয়োজনীয় চিকিৎসা এবং আইনগত সহায়তার ব্যবস্থা করা হচ্ছে। ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে।