অভিযোগ শুনে শুধু সংশ্লিষ্ট দপ্তরে পাঠানো নয়, গণশুনানির টেবিলেই অসহায় মানুষের চিকিৎসাসেবা নিশ্চিত করে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে বরগুনা জেলা প্রশাসন। সাপ্তাহিক গণশুনানিতে স্বাস্থ্যসেবা চাইতে আসা রোগীদের জন্য বিশেষজ্ঞ চিকিৎসকের মাধ্যমে তাৎক্ষণিক চিকিৎসা ও পরামর্শের ব্যবস্থা করেছেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট তাসলিমা আক্তার।
জেলা প্রশাসনের এ উদ্যোগে সাধারণ প্রশাসনিক সেবার পাশাপাশি সরাসরি স্বাস্থ্যসেবাও যুক্ত হয়েছে। এতে দরিদ্র ও অসহায় মানুষের চিকিৎসাসেবা পেতে দীর্ঘসূত্রতা ও ভোগান্তি কমেছে।
সাপ্তাহিক গণশুনানিতে জেলার বিভিন্ন শ্রেণি-পেশার শতাধিক মানুষ উপস্থিত হয়ে পারিবারিক, সামাজিক, ভূমি সংক্রান্ত জটিলতা, প্রশাসনিক সহায়তা ও স্বাস্থ্যসেবাসহ নানা সমস্যার কথা তুলে ধরেন। জেলা প্রশাসক প্রতিটি আবেদনকারীর কথা মনোযোগ দিয়ে শোনেন এবং প্রয়োজন অনুযায়ী সংশ্লিষ্ট কর্মকর্তাদের তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন।
এদিন শতাধিক আবেদনের পরিপ্রেক্ষিতে ৫৩ জনকে চিকিৎসাসেবা এবং ১০ জনকে আর্থিক সহায়তা দেওয়া হয়। এছাড়া এক শিক্ষার্থীর ফরম পূরণের সম্পূর্ণ খরচ বহন, একজনকে শুকনো খাবার এবং কয়েকজন অসহায় মানুষকে টিন দেওয়ার ব্যবস্থা করা হয়েছে।
জেলা প্রশাসক তাসলিমা আক্তার বলেন, নাগরিকদের ভোগান্তি কমানো এবং সেবার মান উন্নত করতে জেলা প্রশাসন কাজ করছে। জনগণের সঙ্গে প্রশাসনের সরাসরি যোগাযোগ তৈরিতে সাপ্তাহিক গণশুনানি অত্যন্ত কার্যকর। প্রান্তিক মানুষের কাছে প্রশাসনিক সহায়তা পৌঁছে দিতে এ ধরনের উদ্যোগ নিয়মিত অব্যাহত থাকবে।
সেবাপ্রার্থীরা জানান, গণশুনানিতে শুধু অভিযোগ গ্রহণ নয়, অনেক ক্ষেত্রে তাৎক্ষণিকভাবে সমস্যার সমাধান ও প্রয়োজনীয় সহায়তা পাওয়ায় তারা উপকৃত হচ্ছেন। তাঁদের মতে, এমন উদ্যোগ গণশুনানিকে আরও জনবান্ধব ও কার্যকর সেবা প্ল্যাটফর্মে পরিণত করেছে।