‘আমরাও চাই হাসিনা দেশে ফিরুন, মানুষ তার বিচার দেখতে চায়’

শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধি

সারাদেশ

‘মাঝেমধ্যেই হুমকি দেওয়া হয়, দেশে ফিরে আসবেন। আমরাও চাই, তিনি দেশে ফিরে আসুন। কারণ, দেশের মানুষ তার বিচার দেখতে অপেক্ষা

2026-10-24T14:31:33+00:00
2026-10-24T14:31:33+00:00
  শনিবার, ২৪ অক্টোবর ২০২৬,
৮ কার্তিক ১৪৩৩
 
শনিবার, ২৪ অক্টোবর ২০২৬
সারাদেশ
‘আমরাও চাই হাসিনা দেশে ফিরুন, মানুষ তার বিচার দেখতে চায়’
-মীর শাহে আলম
শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধি
শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬, ২:৩১ পিএম 
সংগৃহীত ছবি

‘মাঝেমধ্যেই হুমকি দেওয়া হয়, দেশে ফিরে আসবেন। আমরাও চাই, তিনি দেশে ফিরে আসুন। কারণ, দেশের মানুষ তার বিচার দেখতে অপেক্ষা করছে।’ সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উদ্দেশ করে এ মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি।

শনিবার (২৪ অক্টোবর) দুপুর ১টায় বগুড়ার মোকামতলা উপজেলার সৈয়দপুর ইউনিয়নের রাধাকান্তপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত এক সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মীর শাহে আলম বলেন, ইতিহাস কখনো মুছে ফেলা যায় না, সত্যকে আড়াল করেও রাখা যায় না। আওয়ামী লীগ যতই চেষ্টা করুক, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশের স্বাধীনতার ঘোষক—এই ইতিহাস পাল্টানো যাবে না। দেশনেত্রী প্রয়াত বেগম খালেদা জিয়া আমৃত্যু আপসহীন ছিলেন বলেও মন্তব্য করেন তিনি।

শেখ হাসিনার দেশে ফেরা প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, তারেক রহমান দেশে ফেরার দিন ঢাকায় বিপুলসংখ্যক মানুষ সমবেত হয়েছিলেন। অন্যদিকে, শেখ হাসিনাকে দেশ ছাড়তে হয়েছে। তাঁর ভাষ্য, এ ঘটনা জনগণের ভালোবাসা ও জনসমর্থনের পার্থক্য তুলে ধরে।

বিএনপির জনপ্রিয়তা তুলে ধরে তিনি বলেন, শহীদ জিয়ার প্রতিষ্ঠিত দলটি যুগে যুগে জনপ্রিয়তা ধরে রেখেছে। জনগণের ভালোবাসা ও আস্থাই বিএনপির সবচেয়ে বড় শক্তি।

জামায়াতে ইসলামীর সমালোচনা করে মীর শাহে আলম বলেন, ‘আমরা বেহেশতের গ্যারান্টি দিতে পারব না, তবে উন্নয়নের গ্যারান্টি দিতে চাই।’ মানুষের নিরাপত্তা নিশ্চিত করা, প্রতিটি পরিবারের হাতে ফ্যামিলি কার্ড এবং কৃষকের হাতে কৃষক কার্ড পৌঁছে দেওয়ার মাধ্যমে জীবনমান ও অর্থনৈতিক নিরাপত্তার উন্নয়ন সরকারের লক্ষ্য বলে জানান তিনি।

তিনি আরও বলেন, জামায়াত ইসলাম নিয়ে বড় বড় কথা বললেও ইমাম, মুয়াজ্জিন ও খাদেমদের আর্থিক নিরাপত্তায় কার্যকর উদ্যোগ নেয়নি। প্রধানমন্ত্রী তারেক রহমান তাঁদের মাসিক সম্মানীর ব্যবস্থা করেছেন বলে দাবি করেন তিনি। সরকারের জনকল্যাণমূলক কার্যক্রমে অনুপ্রাণিত হয়ে আগে জামায়াতকে ভোট দেওয়া ব্যক্তিদের বিএনপির পতাকাতলে আসার আহ্বান জানান প্রতিমন্ত্রী।

মোকামতলাকে নতুন উপজেলা হিসেবে প্রতিষ্ঠার প্রসঙ্গে তিনি বলেন, এটি বিএনপি ও প্রধানমন্ত্রী তারেক রহমানের অঙ্গীকার বাস্তবায়নের গুরুত্বপূর্ণ পদক্ষেপ। স্থানীয় মানুষের দীর্ঘদিনের প্রত্যাশা পূরণে এ উদ্যোগ নেওয়া হয়েছে। নতুন উপজেলার অবকাঠামোগত উন্নয়নসহ বাকি কাজ পর্যায়ক্রমে বাস্তবায়নেরও অঙ্গীকার করেন তিনি।

বক্তব্যের শেষ পর্যায়ে প্রধানমন্ত্রী তারেক রহমান, তাঁর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান ও কন্যা ব্যারিস্টার জাইমা রহমানের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও কল্যাণ কামনায় উপস্থিত সবার কাছে দোয়া চান প্রতিমন্ত্রী।

মোকামতলা উপজেলা বিএনপির আহ্বায়ক মাহমুদ হাসান তৌফিকের সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য দেন শিবগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি এসএম তাজুল ইসলাম, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুল ওহাব, মোকামতলা উপজেলা বিএনপির সদস্যসচিব রোকন-উদ-দৌলা রুবেল, শিবগঞ্জ উপজেলা বিএনপির ছাত্রবিষয়ক সম্পাদক মীর শাকরুল আলম সীমান্ত, পৌর বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল করিম এবং শিবগঞ্জ উপজেলা যুবদলের সভাপতি খালিদ হাসান আরমানসহ বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতারা।



Loading...
Loading...

সারাদেশ- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: