প্রধানমন্ত্রী তারেক রহমানকে সৌদি আরব সফরের আমন্ত্রণ জানিয়েছেন দেশটির ক্রাউন প্রিন্স ও প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমান বিন আবদুল আজিজ আল সৌদ।
সোমবার (১৭ আগস্ট) সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করে সৌদি আরবের রাষ্ট্রদূত ড. আবদুল্লাহ জাফের এইচ. বিন আবিয়াহ আনুষ্ঠানিকভাবে আমন্ত্রণপত্রটি তুলে দেন।
প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সেক্রেটারি শাহাদাৎ স্বাধীন এ তথ্য নিশ্চিত করেছেন।
এদিকে প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য ভারত সফর নিয়েও আলোচনা চলছে। ভারতে অনুষ্ঠেয় ব্রিকস সম্মেলনের আউটরিচ সেশনে তিনি অংশ নেবেন, নাকি দ্বিপক্ষীয় সফরে যাবেন, তা এখনো চূড়ান্ত হয়নি বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, প্রধানমন্ত্রীর সম্ভাব্য দ্বিপক্ষীয় ভারত সফরের জন্য অনুকূল পরিবেশ তৈরিতে দেশটির দ্রুত পদক্ষেপ নেওয়া প্রয়োজন। এ বিষয়ে বাংলাদেশ ও ভারতের কর্মকর্তারা কয়েক সপ্তাহ ধরে আলোচনা করছেন।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র এ কে এম শহীদুল করিম জানান, প্রধানমন্ত্রীর সফর নিয়ে আলোচনার পাশাপাশি বাংলাদেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে ভারতের কাছে অবস্থান স্পষ্ট করেছে।
তিনি বলেন, ভারতে অবস্থানরত শেখ হাসিনা ও অন্যান্য পলাতক অপরাধীদের প্রত্যর্পণের বিষয়ে দ্রুত পদক্ষেপ নিতে বাংলাদেশ অনুরোধ জানিয়েছে। একই সঙ্গে দ্বিপক্ষীয় প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী শহীদ শরিফ ওসমান হাদির হত্যাকারীদের বাংলাদেশের কাছে হস্তান্তরের বিষয়েও ভারতের সহযোগিতা চাওয়া হয়েছে।
সৌদি আরবের পক্ষ থেকে প্রধানমন্ত্রীর এই আমন্ত্রণকে দুই দেশের বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্কের ধারাবাহিকতায় গুরুত্বপূর্ণ কূটনৈতিক উদ্যোগ হিসেবে দেখা হচ্ছে।