সিরাজগঞ্জের রায়গঞ্জে যাত্রীবাহী বাসে মাদক পরিবহনের সময় ৯৭৫ পিস নেশাজাতীয় বুপ্রেনরফিন ইনজেকশনসহ ৬৮ বছর বয়সী এক নারীকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-১২।
গ্রেপ্তার নারীর নাম মোছা. বেগম। তিনি দিনাজপুরের হাকিমপুর থানার দক্ষিণ বাসুদেবপুর গ্রামের মৃত গমির উদ্দিনের মেয়ে এবং মৃত সিরাজ উদ্দিনের স্ত্রী।
র্যাব-১২ সদর কোম্পানির এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, শুক্রবার (১৪ আগস্ট) দুপুর ১টা ৫ মিনিটের দিকে রায়গঞ্জ থানার দাথিয়া দিগর গ্রামের হানিফ ফুড ভিলেজের সামনে ঢাকা-রংপুর মহাসড়কে মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হয়। এ সময় একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে ওই নারীকে আটক করা হয়। পরে তার কাছ থেকে ৯৭৫ পিস বুপ্রেনরফিন ইনজেকশন উদ্ধার করা হয়।
র্যাব জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার নারী দীর্ঘদিন ধরে দিনাজপুরের সীমান্তবর্তী এলাকা থেকে নেশাজাতীয় বুপ্রেনরফিন ইনজেকশন সংগ্রহ করে বিভিন্ন যানবাহনে করে দেশের বিভিন্ন এলাকায় নিয়ে বিক্রি করার কথা স্বীকার করেছেন।
এ ঘটনায় গ্রেপ্তার নারীর বিরুদ্ধে রায়গঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় মামলা করা হয়েছে।