বিএনপিতে সাম্প্রতিক সময়ে যোগ দেওয়া নতুনদের নিয়ে নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম রিতা।
শনিবার (১৫ আগস্ট) বিকেলে মানিকগঞ্জ শহরের জেলা বিএনপি কার্যালয়ে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।
আফরোজা খানম রিতা বলেন, এখন আমাদের সামনে শক্তিশালী প্রতিপক্ষ দাঁড়িয়ে গেছে। সুতরাং আমাদের অবস্থান ও কাজ সবকিছু সতর্কতার সঙ্গে করতে হবে। সবাইকে বুঝতে হবে, আসলে কে দলের জন্য কাজ করছে।
তিনি বলেন, বর্তমানে দলে অনেক নতুন মানুষ আসছেন। তাদের মধ্যে কেউ কেউ বিএনপির জন্য সবকিছু করতে প্রস্তুত এমন ভাব দেখাচ্ছেন। তাই দলের নেতাকর্মীদের সচেতন থাকার প্রয়োজন রয়েছে।
মন্ত্রী আরও বলেন, আমাদের সবাইকে সরকারের পাশে দাঁড়াতে হবে। দেশের মানুষের যেন কোনো ক্ষতি না হয়, সেদিকে লক্ষ্য রাখতে হবে। আমরা যেন আমাদের ইমেজ নষ্ট না করি। আমরা সবাই বিএনপি করি, তাই প্রত্যেককে সচেতন থাকতে হবে।
সামনের দিনের রাজনীতি প্রসঙ্গে তিনি বলেন, সামনে দলের অনেক কাজ রয়েছে। বিগত নির্বাচন এবং আগামী নির্বাচনের মধ্যে পার্থক্য থাকবে উল্লেখ করে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে মানিকগঞ্জ-১ আসনের সংসদ সদস্য এস এ জিন্নাহ কবীর বলেন, তারেক রহমান দেশে ফিরে এসেছেন এবং মেহনতি মানুষ ভোট দিয়ে তাকে প্রধানমন্ত্রী করেছেন। আগামী দিনে বেগম খালেদা জিয়ার আদর্শ ও তারেক রহমানের নেতৃত্বে সব ভেদাভেদ ভুলে দেশের মানুষের ভাগ্য পরিবর্তনে কাজ করার আহ্বান জানান তিনি।
জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য অ্যাডভোকেট আজাদ হোসেন খানের সভাপতিত্বে এবং জেলা কৃষক দলের সভাপতি গোলাম কিবরিয়া সাঈদের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য দেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য অ্যাডভোকেট আ ত ম জহির আলম লদি ও আ ফ ম নুরতাজ আলম বাহার।
এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আব্দুল বাতেন, সত্যেন কান্ত পণ্ডিত ভজন, গোলাম আবেদিন কায়সার, জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি মোতালেব হোসেনসহ জেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
আলোচনা সভা শেষে বেগম খালেদা জিয়ার আত্মার শান্তি কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।