গাজীপুরের কালিয়াকৈরে যাত্রীবাহী বাসের পেছনে গরুভর্তি ট্রাকের ধাক্কায় দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও দুজন। দুর্ঘটনায় ট্রাকে থাকা ১০টি গরুর মধ্যে পাঁচটি মারা গেছে। আহত চারটি গরুকে পরে জবাই করা হয়েছে।
শনিবার (১৫ আগস্ট) বিকেল সাড়ে ৫টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের কালিয়াকৈর বাইপাস এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, উত্তরবঙ্গ থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে আসা শ্যামলী পরিবহনের একটি বাস কালিয়াকৈর বাইপাস এলাকায় পৌঁছায়। এ সময় বাসটির সামনে একটি অটোরিকশা চলে এলে সেটিকে বাঁচাতে চালক হঠাৎ ব্রেক করেন। তখন পেছন থেকে আসা গরুবাহী ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে বাসটিকে সজোরে ধাক্কা দেয়।
ধাক্কায় ট্রাকটির সামনের অংশ দুমড়েমুচড়ে যায়। ট্রাকে থাকা চারজনের মধ্যে দুজন ঘটনাস্থলেই মারা যান। গুরুতর আহত অপর দুজনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে নিহত ও আহতদের পরিচয় জানা যায়নি।
দুর্ঘটনায় ট্রাকে থাকা ১০টি গরুর মধ্যে পাঁচটি ঘটনাস্থলেই মারা যায়। বাকি পাঁচটির মধ্যে চারটি গুরুতর আহত হওয়ায় সেগুলো জবাই করা হয়েছে। একটি গরু অক্ষত রয়েছে।
কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সহিদুল ইসলাম বলেন, বাসের সঙ্গে গরুভর্তি ট্রাকের সংঘর্ষে ঘটনাস্থলেই দুজন নিহত ও দুজন গুরুতর আহত হয়েছেন। নিহত ও আহতদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। দুর্ঘটনার বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।