নতুন গ্রিডের আশায় নরসিংদী পল্লী বিদ্যুৎ-১, কাটবে লো-ভোল্টেজ ও বিদ্যুৎ ঘাটতি

পলাশ-নরসিংদী সংবাদদাতা

সারাদেশ

নরসিংদী পল্লী বিদ্যুৎ সমিতি-১-এর আওতাধীন এলাকায় লো-ভোল্টেজ ও বিদ্যুৎ ঘাটতির স্থায়ী সমাধানে নতুন গ্রিড থেকে বিদ্যুৎ সরবরাহের অপেক্ষায় রয়েছে কর্তৃপক্ষ।

2026-08-15T19:12:31+00:00
2026-08-15T19:12:31+00:00
  রবিবার, ১৬ আগস্ট ২০২৬,
১ ভাদ্র ১৪৩৩
 
রবিবার, ১৬ আগস্ট ২০২৬
সারাদেশ
নতুন গ্রিডের আশায় নরসিংদী পল্লী বিদ্যুৎ-১, কাটবে লো-ভোল্টেজ ও বিদ্যুৎ ঘাটতি
পলাশ-নরসিংদী সংবাদদাতা
শনিবার, ১৫ আগস্ট, ২০২৬, ৭:১২ পিএম 
সংগৃহীত ছবি
নরসিংদী পল্লী বিদ্যুৎ সমিতি-১-এর আওতাধীন এলাকায় লো-ভোল্টেজ ও বিদ্যুৎ ঘাটতির স্থায়ী সমাধানে নতুন গ্রিড থেকে বিদ্যুৎ সরবরাহের অপেক্ষায় রয়েছে কর্তৃপক্ষ। বর্তমানে চাহিদার তুলনায় বিদ্যুৎ সরবরাহ কম থাকলেও নতুন গ্রিড চালু হলে পরিস্থিতির উল্লেখযোগ্য উন্নতি হবে বলে জানিয়েছেন সমিতির সিনিয়র জেনারেল ম্যানেজার মোহাম্মদ আবুল কালাম আজাদ।

দায়িত্ব গ্রহণের পর গ্রাহকসেবার মানোন্নয়ন, দুর্নীতি প্রতিরোধ এবং দালালের দৌরাত্ম্য কমাতে বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানান তিনি। সম্প্রতি এক সাক্ষাৎকারে সমিতির বর্তমান পরিস্থিতি, সেবার মান ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে কথা বলেন জিএম আবুল কালাম আজাদ।

তিনি জানান, নরসিংদী পল্লী বিদ্যুৎ সমিতি-১-এর আওতায় একটি সদর দপ্তর, দুটি জোনাল অফিস ও একটি সাব-জোনাল অফিস রয়েছে। এসব এলাকার প্রায় ২ লাখ ২৬ হাজার গ্রাহক বিদ্যুৎ সেবা নিচ্ছেন। নতুন সংযোগের আবেদনসহ বিদ্যুৎ-সংক্রান্ত বিভিন্ন সমস্যা দ্রুত সমাধানের চেষ্টা করা হচ্ছে। একই সঙ্গে আগের তুলনায় সিস্টেম লসও অনেকটা কমিয়ে আনা সম্ভব হয়েছে।

গ্রাহকদের নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে অবকাঠামোগত উন্নয়ন কাজও চলছে। পুরোনো ও ঝুঁকিপূর্ণ বৈদ্যুতিক খুঁটি এবং খোলা তার অপসারণের পাশাপাশি অতিরিক্ত চাহিদার কারণে লো-ভোল্টেজ সমস্যা সমাধানে প্রয়োজনীয় ক্ষমতার ট্রান্সফরমার স্থাপন ও নতুন বিদ্যুৎ লাইন নির্মাণ করা হচ্ছে।

বর্তমান বিদ্যুৎ সরবরাহ পরিস্থিতি তুলে ধরে আবুল কালাম আজাদ বলেন, প্রায় ২ লাখ ২৬ হাজার গ্রাহকের চাহিদা পূরণে প্রতিদিন প্রায় ২০১ মেগাওয়াট বিদ্যুৎ প্রয়োজন। এর বিপরীতে বর্তমানে ১৩৬ থেকে ১৬০ মেগাওয়াট বিদ্যুৎ পাওয়া যাচ্ছে। ফলে ঘাটতি থেকেই যাচ্ছে।

তবে নতুন গ্রিড থেকে দ্রুত বিদ্যুৎ সরবরাহ শুরু হলে এই ঘাটতি ও লো-ভোল্টেজ সমস্যার স্থায়ী সমাধান হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

গ্রাহক হয়রানি ও দুর্নীতির বিষয়ে জিরো টলারেন্স নীতির কথা জানিয়ে জিএম বলেন, কোনো কর্মকর্তা, কর্মচারী বা লাইনম্যানের বিরুদ্ধে অনিয়মের সুনির্দিষ্ট অভিযোগ পাওয়া গেলে তদন্ত করে দৃষ্টান্তমূলক ব্যবস্থা নেওয়া হবে। নিয়মিত মনিটরিংয়ের ফলে অফিসগুলোতে দালালদের দৌরাত্ম্যও উল্লেখযোগ্যভাবে কমেছে বলে দাবি করেন তিনি।

তিনি বলেন, ‘গ্রাহকসেবাই আমার প্রথম অগ্রাধিকার। অনিয়মে জড়িতদের কোনো ছাড় দেওয়া হবে না।’ গ্রাহকদের হয়রানিমুক্ত ও দালালমুক্ত সেবা নিশ্চিত করতে কর্তৃপক্ষ কাজ করছে বলেও জানান তিনি।

সেবাগ্রহীতাদের উদ্দেশে আবুল কালাম আজাদ বলেন, তাঁর দরজা সব গ্রাহকের জন্য সবসময় খোলা। বিদ্যুৎ দুর্ঘটনা এড়াতে বিদ্যুৎ লাইনের আশপাশের গাছপালা কাটার ক্ষেত্রে জনসাধারণের সহযোগিতা প্রয়োজন। একই সঙ্গে পরিমিত বিদ্যুৎ ব্যবহার, নিয়মিত বিল পরিশোধ, অবৈধ সংযোগ ও বিদ্যুৎ চুরি থেকে বিরত থাকার জন্য গ্রাহকদের প্রতি আহ্বান জানান তিনি।

উল্লেখ্য, চলতি বছরের ১৮ ফেব্রুয়ারি নরসিংদী পল্লী বিদ্যুৎ সমিতি-১-এর সিনিয়র জেনারেল ম্যানেজার হিসেবে দায়িত্ব নেন মোহাম্মদ আবুল কালাম আজাদ। এর আগে তিনি কুমিল্লা পল্লী বিদ্যুৎ সমিতি-২, ময়মনসিংহ, কিশোরগঞ্জসহ দেশের বিভিন্ন পল্লী বিদ্যুৎ সমিতিতে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। ১৯৯৬ সালে নাটোর-২ পল্লী বিদ্যুতে এজিএম হিসেবে কর্মজীবন শুরু করেন তিনি। তাঁর বাড়ি কুষ্টিয়া জেলার যদুবয়রা ইউনিয়নের গোবিন্দপুর গ্রামে।


Loading...
Loading...

সারাদেশ- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: