দুই বছর পর সোনাকান্ত বিলে পদ্মের মেলা, সৌন্দর্য দেখতে ছুটছেন দর্শনার্থীরা

সিরাজগঞ্জ সংবাদদাতা

সারাদেশ

বর্ষার পানিতে ডুবে থাকা বিস্তীর্ণ জমি এখন পরিণত হয়েছে পদ্মের বাগানে। পানির ওপর ভাসছে অসংখ্য সবুজ পাতা, তার ফাঁকে ফাঁকে

2026-08-15T19:07:50+00:00
2026-08-15T19:07:50+00:00
  রবিবার, ১৬ আগস্ট ২০২৬,
১ ভাদ্র ১৪৩৩
 
রবিবার, ১৬ আগস্ট ২০২৬
সারাদেশ
দুই বছর পর সোনাকান্ত বিলে পদ্মের মেলা, সৌন্দর্য দেখতে ছুটছেন দর্শনার্থীরা
সিরাজগঞ্জ সংবাদদাতা
শনিবার, ১৫ আগস্ট, ২০২৬, ৭:০৭ পিএম 
সংগৃহীত ছবি
বর্ষার পানিতে ডুবে থাকা বিস্তীর্ণ জমি এখন পরিণত হয়েছে পদ্মের বাগানে। পানির ওপর ভাসছে অসংখ্য সবুজ পাতা, তার ফাঁকে ফাঁকে ফুটে আছে গোলাপি ও লাল পদ্ম। দুই বছর পর এবার সিরাজগঞ্জের উল্লাপাড়ার সোনাকান্ত বিল যেন ফিরে পেয়েছে তার হারানো সৌন্দর্য। পদ্মে সাজানো বিলের মনোমুগ্ধকর দৃশ্য দেখতে প্রতিদিনই ছুটছেন দর্শনার্থীরা।

উল্লাপাড়া উপজেলার হাটিকুমরুল ইউনিয়নের আমডাঙ্গা গ্রামের পাশেই সোনাকান্ত বিলের অবস্থান। শুষ্ক মৌসুমে বিলের বিস্তীর্ণ এলাকা কৃষিজমি হিসেবে ব্যবহৃত হয়। তবে বর্ষায় প্রায় ৪০ থেকে ৪৫ বিঘা নিচু জমি পানিতে তলিয়ে গেলে সেখানে প্রাকৃতিকভাবেই জন্ম নেয় পদ্ম।

এবার পর্যাপ্ত বৃষ্টির পানিতে বিলটি পানিতে পূর্ণ হওয়ায় পদ্মের বিস্তারও হয়েছে ব্যাপক। পানির ওপর সারি সারি পদ্মপাতা আর তার মাঝে ফুটে থাকা ফুলে পুরো বিলজুড়ে তৈরি হয়েছে অপরূপ দৃশ্য।

স্থানীয়রা জানান, প্রায় এক যুগ ধরে বর্ষা মৌসুমে সোনাকান্ত বিলে পদ্ম ফুটতে দেখা যায়। তবে প্রতিবছর ফুলের আধিক্য সমান থাকে না। ২০২২ সালে কিছু পদ্ম ফুটলেও সেগুলোর বিস্তার ছিল তুলনামূলক কম। পরের বছর পানির পরিমাণ কম থাকায় পদ্মও ছিল কম। এবার বন্যা না হলেও টানা বৃষ্টিতে বিলে পর্যাপ্ত পানি জমেছে। অনুকূল পরিবেশ পাওয়ায় এবার ব্যাপকভাবে পদ্ম ফুটেছে।

পদ্মে সাজানো বিলের সৌন্দর্য উপভোগ করতে প্রতিদিনই পরিবার-পরিজন ও বন্ধুদের সঙ্গে সেখানে ভিড় করছেন দর্শনার্থীরা। কেউ বিলের সৌন্দর্য উপভোগ করছেন, আবার কেউ মোবাইল ফোনে ছবি ও ভিডিও ধারণ করে স্মৃতি ধরে রাখছেন।

দর্শনার্থী সুমাইয়া খাতুন বলেন, পানির ওপর ভাসমান সবুজ পাতার মাঝে সারি সারি পদ্মফুলের দৃশ্য অসাধারণ। এখানে এসে শহরের ব্যস্ততা থেকে দূরে অন্য রকম এক প্রশান্তি পাওয়া যায়।

স্থানীয়দের ভাষ্য, সোনাকান্ত বিলের জমির মালিক সড়াতৈল, আমডাঙ্গা, অলিপুর ও বাগদা গ্রামের বাসিন্দারা। বর্ষা শেষ হলে এসব জমিতে আবার ধান চাষ শুরু হবে। ফলে একই জমি বছরের এক সময়ে কৃষকের জীবিকার উৎস হয়ে ওঠে, আর বর্ষায় রূপ নেয় পদ্মের প্রাকৃতিক বাগানে।

তবে দর্শনার্থীদের জন্য বড় সমস্যা হলো যাতায়াত ব্যবস্থা। অলিপুর-সড়াতৈল আঞ্চলিক সড়ক থেকে বিলটি আধা কিলোমিটারের কিছু বেশি দূরে হলেও সেখানে যাওয়ার ভালো কোনো রাস্তা নেই। সরু আলপথ ধরে বিলের কাছে যেতে হয়। বৃষ্টির সময় কাদা ও পিচ্ছিল পথে দর্শনার্থীদের ভোগান্তিতে পড়তে হয়।

সড়াতৈল মুসলিম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মান্নান তালুকদার বলেন, শুরুতে বিলে অল্প কয়েকটি পদ্মগাছ দেখা গেলেও ধীরে ধীরে সেগুলো ছড়িয়ে পড়ে। প্রায় ২০১৪ সাল থেকে এখানে বেশি পরিমাণে পদ্ম ফুটতে শুরু করে। এবার বিলে পর্যাপ্ত পানি থাকায় ফুলের সমারোহও বেশি হয়েছে।

উল্লাপাড়া উপজেলা কৃষি কর্মকর্তা সুবর্ণা ইয়াসমিন সুমী বলেন, পদ্ম একটি জলজ উদ্ভিদ। পাখিসহ বিভিন্ন প্রাকৃতিক মাধ্যমে এর বীজ ছড়িয়ে পড়ে এবং অনুকূল পরিবেশে নতুন গাছ জন্ম নেয়। এবার সোনাকান্ত বিলে দীর্ঘদিন পর প্রচুর পদ্মফুল ফুটেছে। তিনি ইতোমধ্যে বিলটি পরিদর্শন করেছেন।

স্থানীয়দের প্রত্যাশা, বিলটিতে যাতায়াতের ব্যবস্থা উন্নত করা হলে বর্ষাকালে প্রাকৃতিক এই সৌন্দর্য দেখতে আরও বেশি দর্শনার্থী আসবেন। কোনো কৃত্রিম আয়োজন ছাড়াই প্রকৃতির নিজস্ব নিয়মে গড়ে ওঠা সোনাকান্ত বিল ইতোমধ্যে উল্লাপাড়ার বর্ষাকালের অন্যতম আকর্ষণ হয়ে উঠেছে।


Loading...
Loading...

সারাদেশ- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: