নীলফামারীর ডিমলায় তেল নেওয়ার কথা বলে ফিলিং স্টেশনের কর্মীর কাছ থেকে ৫০ হাজার টাকা নিয়ে পালিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে এক ব্যক্তির বিরুদ্ধে। চোখে তেলজাতীয় পদার্থ ছিটিয়ে কৌশলে টাকা নিয়ে পালিয়ে যান তিনি।
রবিবার (১৬ আগস্ট) সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার আফতাব ফিলিং স্টেশনে এ ঘটনা ঘটে।
ফিলিং স্টেশন সূত্রে জানা যায়, ওই ব্যক্তি নিজেকে ব্যবসায়ী এবং স্থানীয় এক ব্যবসায়ীর ভাই পরিচয় দিয়ে তেল নিতে ফিলিং স্টেশনে আসেন। তেল নেওয়ার পর মূল্য পরিশোধের সময় হিসাব করার কথা বলে এক কর্মীর কাছ থেকে ৫০ হাজার টাকা নেন তিনি। এরপর নিজেই টাকা গুনতে থাকেন।
একপর্যায়ে কৌশলে ওই কর্মীর চোখে তেলজাতীয় পদার্থ ছিটিয়ে দেন অভিযুক্ত ব্যক্তি। এতে চোখে তীব্র জ্বালাপোড়া শুরু হলে কর্মীটি পাম্পের পেছনে গিয়ে চোখ ধুতে যান। কিছুক্ষণ পর ফিরে এসে দেখেন, টাকা নিয়ে বসে থাকা ওই ব্যক্তি সেখানে নেই। সঙ্গে নেই তেল বাবদ নেওয়া ৫০ হাজার টাকাও।
ঘটনার পর ফিলিং স্টেশন কর্তৃপক্ষ স্থানীয়ভাবে ওই ব্যক্তির সন্ধানে খোঁজাখুঁজি শুরু করে। তবে তাৎক্ষণিকভাবে তার পরিচয় ও অবস্থান নিশ্চিত হওয়া যায়নি।
আফতাব ফিলিং স্টেশনের ম্যানেজার মোহাম্মদ শাহিন ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ব্যবসায়ীর ভাই পরিচয়ে ওই ব্যক্তি তেল নিতে এসেছিলেন। টাকা হিসাব করার সময় কর্মীর চোখে তেল ছিটিয়ে দেওয়া হয়। কর্মী চোখ ধুতে গেলে ওই ব্যক্তি ৫০ হাজার টাকা নিয়ে পালিয়ে যান।
এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি চলছে বলে জানিয়েছে ফিলিং স্টেশন কর্তৃপক্ষ।