রাঙামাটির মানিকছড়িতে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী একটি পিকআপ উল্টে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন। আহতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক।
রোববার (১৬ আগস্ট) ভোরে চট্টগ্রাম-রাঙামাটি সড়কের সাপছড়ি আর্মি ক্যাম্পের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, মেঘরানী চাকমা, শান্তনা চাকমা ও শান্তি রঞ্জন চাকমা।
স্থানীয় সূত্র জানায়, রাঙামাটি শহর থেকে কুতুকছড়ি বাজারের দিকে যাচ্ছিল পিকআপটি। পথে মানিকছড়ি এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারালে গাড়িটি সড়কের ওপর উল্টে যায়। এতে পিকআপে থাকা ছয়জন হতাহত হন।
দুর্ঘটনার খবর পেয়ে স্থানীয়রা ঘটনাস্থলে গিয়ে আহত ও নিহতদের উদ্ধার করে রাঙামাটি জেনারেল হাসপাতালে নিয়ে যান।
রাঙামাটি জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডা. শওকত আকবর জানান, দুর্ঘটনার পর ছয়জনকে হাসপাতালে আনা হয়। তাদের মধ্যে তিনজনকে মৃত অবস্থায় পাওয়া যায়। আহত তিনজনের মধ্যে শোভা চাকমার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
রাঙামাটি কোতোয়ালি থানার উপপরিদর্শক (এসআই) মো. তোফাজ্জল হোসেন জানান, নিহতদের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হচ্ছে। দুর্ঘটনার প্রকৃত কারণ খতিয়ে দেখা হচ্ছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তরের প্রস্তুতি নেওয়া হচ্ছে।