বরিশাল আদালত চত্বরে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বুধবার (১২ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে আদালত চত্বরের জুডিশিয়াল ভবনের সামনে এ বিস্ফোরণ ঘটে। এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তবে বিস্ফোরণের ঘটনায় বিচারপ্রার্থী, আইনজীবী ও সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
বিস্ফোরণের খবর পেয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেন। পরে ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করে তদন্ত শুরু করা হয়।
প্রত্যক্ষদর্শী ও সংশ্লিষ্টদের বরাত দিয়ে জানা গেছে, আদালত চত্বরে প্রবেশের প্রধান ফটকের কাছে জুডিশিয়াল ভবনের সামনেই বিস্ফোরণটি ঘটে। ঘটনার পর বরিশাল মেট্রোপলিটন পুলিশের (বিএমপি) কমিশনার আবু রায়হান মুহাম্মদ সালেহসহ আদালতের বিচারকরা ঘটনাস্থল পরিদর্শন করেন।
বরিশাল মহানগর দায়রা জজ আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) অ্যাডভোকেট নাজিম উদ্দীন আহমেদ পান্না বলেন, অগণতান্ত্রিক কোনো শক্তি এ ঘটনার সঙ্গে জড়িত থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।
অ্যাডভোকেট এইচ এম তসলিম উদ্দিন বলেন, যারা নাশকতার মাধ্যমে দেশকে অস্থিতিশীল করতে চায়, তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া প্রয়োজন। দেশের শান্তিপূর্ণ পরিবেশ নষ্ট করার যেকোনো অপচেষ্টা প্রতিহত করা হবে।
বরিশাল মেট্রোপলিটন পুলিশের উপপুলিশ কমিশনার সুশান্ত সরকার জানান, ঘটনার তদন্তে সিআইডির একটি দল কাজ শুরু করেছে। তদন্ত শেষ হলে বিস্ফোরণের প্রকৃত কারণ এবং কারা এর সঙ্গে জড়িত, তা জানা যাবে।
এদিকে বিস্ফোরণের পর আদালত চত্বরে নিরাপত্তা জোরদার করা হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা আদালত এলাকায় সতর্ক অবস্থানে রয়েছেন। পাশাপাশি ঘটনাটি ঘিরে কোনো ধরনের গুজব না ছড়ানোর আহ্বান জানিয়েছে সংশ্লিষ্টরা।