নীলফামারীর ডিমলায় জরাজীর্ণ কাঠের সেতু পরিদর্শনে গিয়ে দুর্ঘটনার শিকার হয়েছেন জামায়াতে ইসলামীর কয়েকজন নেতা-কর্মী। অতিরিক্ত মানুষের চাপে সেতুর একটি অংশ হঠাৎ ভেঙে নদীতে পড়ে যান তারা। এ সময় অল্পের জন্য বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছেন নীলফামারী-১ (ডোমার-ডিমলা) আসনের সংসদ সদস্য অধ্যক্ষ আব্দুস সাত্তার।
বুধবার (১২ আগস্ট) সকালে উপজেলার ৩ নম্বর ডিমলা ইউনিয়নের নটাবাড়ী গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, নটাবাড়ী ও নাউতারা ইউনিয়নের মধ্যে যোগাযোগের গুরুত্বপূর্ণ মাধ্যম কাঠের সেতুটি দীর্ঘদিন ধরে জরাজীর্ণ অবস্থায় রয়েছে। এলাকাবাসীর দাবির পরিপ্রেক্ষিতে সেতুটির বর্তমান অবস্থা দেখতে এবং নতুন সেতু নির্মাণের সম্ভাব্য স্থান পরিদর্শনে যান এমপি আব্দুস সাত্তার। তাঁর সঙ্গে স্থানীয় জামায়াত নেতাকর্মী ও গ্রামবাসী ছিলেন।
পরিদর্শনের একপর্যায়ে সেতুর ওপর অতিরিক্ত মানুষের চাপ পড়লে একটি অংশ হঠাৎ ভেঙে যায়। এতে কয়েকজন নেতা-কর্মী নদীতে পড়ে যান। স্থানীয়দের দ্রুত তৎপরতায় সংসদ সদস্যকে নিরাপদে সরিয়ে নেওয়া সম্ভব হয়। এ ঘটনায় কয়েকজন সামান্য আহত হলেও বড় ধরনের হতাহতের ঘটনা ঘটেনি।
ঘটনার সত্যতা নিশ্চিত করে উপজেলা জামায়াতের আমির মাওলানা মজিবুর রহমান বলেন, দীর্ঘদিনের পুরোনো ও জরাজীর্ণ সেতু হওয়ায় এ দুর্ঘটনা ঘটেছে। তবে সংসদ সদস্য অধ্যক্ষ আব্দুস সাত্তার সম্পূর্ণ সুস্থ ও নিরাপদে আছেন।
পরে আয়োজিত মতবিনিময় সভায় এমপি আব্দুস সাত্তার বলেন, ‘আজকের এই ঘটনার মধ্য দিয়েই স্পষ্ট হলো, গ্রামের মানুষ কতটা কষ্ট করে যাতায়াত করছেন।’ তিনি নটাবাড়ী-নাউতারা নদীর ওপর দ্রুত একটি পাকা সেতু নির্মাণ এবং কাঁচা রাস্তা পাকাকরণে অগ্রাধিকার ভিত্তিতে উদ্যোগ নেওয়ার আশ্বাস দেন।