চট্টগ্রামের হাটহাজারীতে এক ব্যবসায়ীর নির্মাণাধীন ভবনে গুলি ও চাঁদাবাজির অভিযোগে দায়ের করা মামলায় শীর্ষ সন্ত্রাসী মোবারক হোসেন ইমন ওরফে ডেভিড ইমনের আরও পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
বুধবার (১২ আগস্ট) চট্টগ্রাম জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট লোকমান হাকিম শুনানি শেষে এ আদেশ দেন।
জেলা পুলিশের হাটহাজারী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার কাজী মোহাম্মদ তারেক আজিজ জানান, চাঁদাবাজি ও গুলি করে আতঙ্ক সৃষ্টির অভিযোগে দায়ের করা মামলায় ডেভিড ইমনকে সাত দিনের রিমান্ডে নিতে আবেদন করেছিল পুলিশ। শুনানি শেষে আদালত পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
এর আগে হত্যা ও অস্ত্র আইনের পৃথক দুই মামলায় আদালতের অনুমতি নিয়ে ডেভিড ইমনকে ১০ দিন হেফাজতে রেখে জিজ্ঞাসাবাদ করে পুলিশ। বুধবার দুপুরে ওই রিমান্ড শেষে তাকে আদালতে হাজির করা হলে নতুন করে পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করা হয়। পরে তাকে পুলিশ হেফাজতে নেওয়া হয়।
মামলার অভিযোগ সূত্রে জানা যায়, গত ২৬ জুলাই হাটহাজারীর বড়দিঘীর পাড় এলাকায় ব্যবসায়ী জসিম উদ্দিনের নির্মাণাধীন ভবনে হামলা ও গুলির ঘটনা ঘটে। এ সময় ওই ব্যবসায়ীর কাছে ২০ লাখ টাকা চাঁদা দাবি করা হয়েছিল বলে অভিযোগ করা হয়।
পুলিশ জানায়, মোবারক হোসেন ইমন ওরফে ডেভিড ইমনের বাড়ি চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলায়। তিনি নগরের বায়েজিদ বোস্তামী এলাকায় বসবাস করতেন। বিদেশে পলাতক শিবির ক্যাডার ও শীর্ষ সন্ত্রাসী হিসেবে পরিচিত সাজ্জাদ আলী খান ওরফে বড় সাজ্জাদের অনুসারী হিসেবে তার পরিচিতি রয়েছে।
গত ২৯ জুলাই ভারতে পালিয়ে যাওয়ার সময় যশোরে তিন সহযোগীসহ ডেভিড ইমনকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ। পরদিন ৩০ জুলাই তাকে চট্টগ্রামে এনে পৃথক তিন মামলায় গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানো হয়।